যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের দাবির সঙ্গে বিএনপি নেই
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল করা বা যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের বিষয়ে জামায়াতে ইসলামীর দাবির সঙ্গে বিএনপির কোনো আদর্শিক মিল নেই বলে জানিয়েছেন দলটির সমন্বয়ক তরিকুল ইসলাম। তবে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতো বিএনপিও মনে করছে, এ বিচার স্বচ্ছ হচ্ছে না।গতকাল সোমবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে তরিকুল এসব কথা বলেন।১৮ দলীয় জোটের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা দিতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়। তবে বিএনপি ছাড়া জোটের অন্য শরিক দলগুলোর কেউ এতে উপস্থিত ছিলেন না।জামায়াতের এর আগের হরতালে বিএনপির সমর্থন ছিল, জামায়াত ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার দাবি করেছে, তাতে কি বিএনপির সমর্থন আছে? এ প্রশ্নের জবাবে তরিকুল বলেন, ‘তাদের (জামায়াত) হরতালে সমর্থন দিয়েছিলাম; যেহেতু তাদের জনসভা করতে দেওয়া হয়নি, সেটি সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল। জনসভা করতে দেওয়া সাংবিধানিক অধিকার। কিন্তু ট্রাইব্যুনাল বাতিল, যুদ্ধাপরাধীদের বিচার বাতিলের সঙ্গে বিএনপির কোনো আদর্শিক মিল নেই।’ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার ব্যাপারে জামায়াতের দাবির সঙ্গে বিএনপি একমত কি না, জানতে চাইলে বিএনপির সমন্বয়ক বলেন, ‘প্রশ্নই ওঠে না। আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। তবে সে বিচার নিরপেক্ষ, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের হতে হবে। সে বিচার কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের বিচার হবে না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ বলছে, এ বিচার বিতর্কিত হচ্ছে। আমরাও বলছি, বিচার স্বচ্ছ হচ্ছে না।’জামায়াতকে হঠাৎ মিছিল-সমাবেশ করতে দিচ্ছে সরকার, এর মাধ্যমে ১৯৮৬ সালের রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হচ্ছে কি না, এ প্রশ্নের জবাবে তরিকুল বলেন, সরকার জোর করে ক্ষমতায় থাকতে দল ভাঙার বা জোটের কাউকে কাউকে ভাগিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে।মাসব্যাপী কর্মসূচি: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১৮ দলের নেতাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ৬ ফেব্রুয়ারি সব জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান, ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ সব ধরনের গুম, খুন ও অপহরণের প্রতিবাদে ১১ ফেব্রুয়ারি জেলা-উপজেলায় কালো পতাকা মিছিল, ১৮ ফেব্রুয়ারি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সব উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও ও স্মারকলিপি প্রদান, মহাজোট সরকারের দুর্নীতির প্রতিবাদে ২৩, ২৫ ও ২৭ ফেব্রুয়ারি জেলা ও উপজেলা পর্যায়ে সমাবেশ কর্মসূচি ঘোষণা করেন তরিকুল।এ ছাড়া ১৫ ও ১৬ ফেব্রুয়ারি বিএনপির কাউন্সিল উপলক্ষে সব জেলায় বর্ধিত সভা হবে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিএনপির নিজস্ব কর্মসূচি থাকবে। এ সময় বিএনপির চেয়ারপারসন কয়েকটি জেলায় জনসভা করবেন। জামায়াত নয়, যেন পুলিশের মিছিল: গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আজ দেখলাম, জামায়াতের মিছিলের আগে পুলিশ। তারা কোনো দিকে তাকাচ্ছে না। যেন এটা জামায়াত-শিবিরের মিছিল না, পুলিশের মিছিল। একেই বলে শক্তের ভক্ত, নরমের যম।’গয়েশ্বর বলেন, ‘পুলিশ কমিশনার সম্প্রতি বলেছেন, শিবির দেখামাত্রই গুলি। আর গতকাল (রোববার) বলেছেন, শিবির দেখামাত্রই সালাম।’ তিনি বলেন, ‘জামায়াত যে ভাঙচুরের রাজনীতি করে, আমরা তা করব না। আমাদের যথেষ্ট শক্তি-সামর্থ্য আছে সরকারকে মোকাবিলা করার। সরকার যদি বিএনপিকে দুর্বল মনে করে, তাহলে ভুল করবে।’