যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা করতে আমরা কয়েক ধাপ পার করেছি। বঙ্গবন্ধু হত্যার বিচারের চূড়ান্ত রায় আমরা পেয়েছি। সে রায় কার্যকর হয়েছে। একই ধারাবাহিকতায় ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই।’আজ রোববার ভোরে চাঁদপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদদের আত্মদানের মধ্য দিয়ে যে ইতিহাসের যাত্রা শুরু হয়েছিল তারই পরিণতিতে আমরা পেয়েছিলাম স্বাধীন বাংলাদেশ। একুশের চেতনায় আমরা বারবার উজ্জীবিত হই—গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য। তা সে ভাষার অধিকার হোক, ভোটের অধিকার হোক—প্রত্যেকটি অধিকারের জন্য মানুষ লড়াই করতে অনুপ্রাণিত হয় এ বাংলায়।’