যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই: সৈয়দ আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার এ বাংলার মাটিতে হবেই। এ বিচারকাজ বন্ধ করতে পারে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই। যুদ্ধাপরাধীরা ভেবেছিল, বিচার শুরু হলে পাকিস্তান, সৌদি আরব আর আমেরিকা তাদের বাঁচাতে এগিয়ে আসবে। কিন্তু তারা এগিয়ে আসেনি। যুদ্ধাপরাধীদের কোনো বন্ধু নেই।’আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি মাঠে যুবলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে বিভাগীয় যুব মহাসমাবেশের আয়োজন করা হয়। সৈয়দ আশরাফ বলেন, বিএনপির রাজনীতির তিনটি লক্ষ্য। যুদ্ধাপরাধীদের রক্ষা করা, খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি রক্ষা এবং তাঁর দুই দুর্নীতিবাজ পুত্রকে রক্ষা করা।যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা ছিলেন সংসদের হুইপ ও যুবলীগের সাধারণ সম্পাদক মীর্জা আজম।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতা দখলের পর থেকে এ দেশে বাজিকরের রাজনীতি শুরু হয়। আমরা বাজিকরদের হাত থেকে দেশকে মুক্ত করতে দিনরাত কাজ করছি। দলবাজি, চাঁদাবাজি ও দখলবাজিকে না বলার জন্য আমরা ক্ষমতায় এসেছি। যুদ্ধাপরাধীদের বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এ সময় যুবসমাজকে কান্ডারির ভূমিকা পালন করতে হবে কেননা অনেক ষড়যন্ত্র হবে। শেখ হাসিনার ওপরও হামলা হতে পারে। তাই আপনাদের সজাগ থাকতে হবে।’ সমাবেশে আরও বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আখতারুজ্জামান চৌধুরী, উত্তর জেলা সভাপতি সাংসদ মোশাররফ হোসেন, মহানগর সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুুরী ও সীতাকুণ্ডের সাংসদ এ বি এম আবুল কাশেম। চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ড ছাড়াও উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন জেলা থেকে যুবলীগের নেতা-কর্মীরা লালদিঘীর মাঠে হাজির হন। বক্তারা যুবলীগের কর্মীদের প্রতি যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান।