যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, একাত্তরের নরঘাতক ও যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই হবে। এ বিচার হতেই হবে। যুদ্ধাপরাধীদের বিচার করতেই ট্রাইব্যুনাল আদালত স্থাপন করা হয়েছে। কিন্তু যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপি ইস্যুবিহীন হরতাল ডেকেছে। কোনো কারণ ছাড়াই এ হরতাল ডাকায় দেশের মানুষ তা প্রত্যাখ্যানও করেছে।আজ শনিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোনো ধ্বংসাত্মক কার্যক্রম চাই না। দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, বিরোধী দল বিএনপি-জামায়াত তখন কোনো কারণ ছাড়াই দেশে অরাজকতা সৃষ্টি করছে।’বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশে করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা আর ধ্বংসাত্মক কার্যকলাপ করবেন না। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই কি এ অরাজকতা? নাকি আপনার দুই সন্তানের অপরাধকে ঢাকার জন্য এ ধরনের অরাজকতা সৃষ্টি করছেন? এসব অরাজকতা পরিহার করে দেশের উন্নয়নের জন্য আসুন একত্রে মিলেমিশে কাজ করি।’এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী জেলার কোথাও কোনো দলীয় মামলা হলে দ্রুত তা কেন্দ্রীয়ভাবে পাঠানোর জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে দলীয়ভাবে কোনো কিছু বিবেচনা না করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহামুদুল হুসাইন খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা-৪ আসনের সাংসদ সানজিদা খানম, রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসনের সাংসদ মো. জিল্লুল হাকিম, র্যাব-৮ বরিশাল অঞ্চলের অধিনায়ক কর্নেল মুনির, পুলিশ সুপার আইনুল বারীসহ অনেকেই।