যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার চক্রান্ত দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চক্রান্ত ও তৎপরতা কঠোরভাবে দমন করা হবে। সরকার এ ব্যাপারে সব সময় সতর্ক ও প্রস্তুত আছে।স্বরাষ্ট্রমন্ত্রী আজ রোববার চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন। মন্ত্রী বাইতুল ইজ্জতে অবস্থিত রাইফেল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলের (আরটিএসসি) ৭৭তম রিক্রুট ব্যাচের বিডিআরের নবীন জওয়ানদের প্রশিক্ষণ শেষে সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলেন। আরটিএসসির প্রশিক্ষণ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম, বান্দরবানের ব্রিগেডিয়ার জেনারেল শাহ আতিকুর রহমান, আরটিএসসির অধিনায়ক কর্নেল হাফিজুর রহমান, বান্দরবানের পুলিশ সুপার কামরুল আহসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মমকর্তারা উপস্থিত ছিলেন।মন্ত্রী অনুষ্ঠানের শুরুতে প্যারেড পরিদর্শন ও কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি বিডিআরের কতিপয় উচ্ছৃঙ্খল সদস্য হত্যাকাণ্ড ঘটিয়ে বিডিআরের ২১৪ বছরের গৌরবময় ইতিহাসকে কলঙ্কিত করেছে। তাঁদের সবার বিরুদ্ধে বিশেষ আদালতে বিচার হবে। তবে অভিযুক্তরা সবাই আইনি সুবিধা পাবে এবং সরকার ন্যায়বিচার নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেবে।