যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে হরতাল ডাকা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বানচাল এবং দেশে নৈরাজ্য সৃষ্টি করতেই খালেদা জিয়া হরতাল ডেকেছেন।বিএনপি-জামায়াত জোট সরকারের সময় দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছিল উল্লেখ করে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, খালেদা জিয়া সমর্থন ও মদদ না দিলে এ দেশে আর জঙ্গি হামলা হবে না।গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী যুবলীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সৈয়দ আশরাফ এ কথা বলেন। পল্টন ময়দানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ‘মিথ্যাচারের’ প্রতিবাদে যুবলীগ এই সমাবেশের আয়োজন করে।সৈয়দ আশরাফ হরতাল কর্মসূচির সমালোচনা করে বলেন, ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া হরতালের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলেন। আর এবার তিনি হরতাল ডেকে প্রমাণ করলেন, তাঁর কথা ও কাজে মিল নেই। তিনি সুস্থ ধারার রাজনীতির বিপক্ষে। নতুন প্রজন্মের কাঙ্ক্ষিত আধুনিক রাজনীতির বিপক্ষে। তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট সরকারের সময় সারা দেশে একসঙ্গে ৬৩ জেলায় বোমা হামলা হয়। দেশকে জঙ্গিবাদের অভয়ারণ্য বানানো হয়। খালেদা জিয়ার মহাসমাবেশের বক্তব্যকে অসত্য, বিভ্রান্তিকর ও রাজনৈতিক ফায়দা লোটার অপকৌশল বলে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি-জামায়াত জোটের সময় ছাত্রদলের ক্যাডারদের হাতে বুয়েটের ছাত্রী সনি হত্যা, বাবার কোলে শিশু নওশিন খুন, যুবদল ক্যডারদের হাতে ব্যবসায়ীর ৮৭ টুকরা লাশের ঘটনা মানুষ ভুলে যায়নি। খুন, ধর্ষণ, ডাকাতি, লুটপাট আর দখল ছিল প্রতিদিনের চালচিত্র। তিনি বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে গিয়ে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া, সাংসদ আহসান উল্লাহ মাস্টার, সাবেক সাংসদ মমতাজউদ্দিনকে হত্যা করা হয়। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়। নিহত হন আইভি রহমানসহ ২৪ জন নেতা-কর্মী। তদন্তে বেরিয়ে এসেছে, ২১ আগস্টের গ্রেনেড হামলার পরিকল্পনাকারী ছিল বিএনপির মন্ত্রিসভার সদস্য। অথচ মহীউদ্দীন খান আলমগীর, শেখ সেলিম, সাবের হোসেন চৌধুরীসহ সাংবাদিক, বুদ্ধিজীবীদের গ্রেপ্তার করে নির্যাতন করা হয়।এক-এগারো সম্পর্কে খালেদা জিয়ার বক্তব্যের জবাবে সৈয়দ আশরাফ বলেন, কারচুপি ও প্রহসনের নির্বাচনের মাধ্যমে পুনরায় ক্ষমতা দখলের যে অপচেষ্টা খালেদা জিয়া করেছিলেন, তার ফলেই এক-এগারো সৃষ্টি হয়েছিল। তাঁর ক্ষমতালিপ্সার কারণেই এক-এগারোর সৃষ্টি। তিনি বলেন, এক-এগারো-পরবর্তী সরকারের রক্তচক্ষু ও নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে শেখ হাসিনা যখন দেশে ফিরছিলেন, তখন খালেদা জিয়া দেশ ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিলেন। শেখ হাসিনা সেদিন মহত্ত্বের পরিচয় দিয়ে খালেদা জিয়ার দেশত্যাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বলেই তিনি আজ বাংলাদেশে রাজনীতি করছেন। তিনি বলেন, খালেদা জিয়ার ছেলে তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ত্যাগে রাজি হয়েছিলেন। যারা দুর্নীতি করে তাদের সৎ সাহস থাকে না।সৈয়দ আশরাফ বলেন, খালেদা জিয়ার শাসনামলে দেশ চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। তাঁর বড় ছেলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিলেন। খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের রায়ে খালেদা জিয়ার ছোট ছেলের ঘুষ গ্রহণের ঘটনা বেরিয়ে এসেছে। আজ তিনি যখন অন্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তখন সেই প্রাচীন বাংলা প্রবচন ‘চোরের মার বড় গলা’ কথাটি মনে পড়ে।সৈয়দ আশরাফ বলেন, সর্বোচ্চ আদালত জিয়ার ক্ষমতা দখলকে অবৈধ বলে রায় দিয়েছেন। আরেক রায়ে সর্বোচ্চ আদালত বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বিন্দুমাত্র লজ্জা থাকলে প্রকৃত ইতিহাসকে তারা স্বীকার করবে। অবশ্য বিএনপি-জামায়াত উচ্চ আদালতকে সম্মান জানায় না। প্রধান বিচারপতির দরজায় এই বিএনপির নেতারা লাথি মেরেছিলেন।সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে খালেদা জিয়ার কাছে পাকিস্তানের টাকা এসেছে বলে শোনা যাচ্ছে। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, খালেদা জিয়া সারের দাবি করায় ১৮ জন কৃষককে হত্যা করেছেন, বেতন-ভাতা দাবি করায় শ্রমিক হত্যা করেছেন। তিনি বিডিআর বিদ্রোহের নামে সরকার উৎখাতের ষড়যন্ত্র করেছিলেন। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়ার দুর্নীতিবাজ ছেলে তারেকের মামলা প্রত্যাহারের জন্য জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়নি। হুইপ মির্জা আজম বলেন, জনগণ রাজপথে বিএনপির হরতালের উপযুক্ত জবাব দেবে।