যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতেই খালেদা জিয়ার আন্দোলনের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বানচাল করতেই বিএনপি-জামায়াত আন্দোলনের হুমকি দিচ্ছে। সৈয়দ আশরাফ বলেন, ‘বিএনপি স্বাধীনতাবিরোধীদের দল। সুতরাং দলটি চাইবে না, তাদের যুদ্ধাপরাধী নেতা এবং মিত্র গোলাম আযম-নিজামী-মুজাহিদ-সাঈদী গংদের বিচার হোক।’ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আন্দোলনের হুমকির জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘আইনানুগ আন্দোলন হলে আপত্তি নেই। তবে আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সরকার তা হতে দেবে না, তিনি যত বড় শক্তি বা নেতাই হোন।’ গতকাল মঙ্গলবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চট্টগ্রামের লালদীঘি ময়দানে দেওয়া বক্তব্যের জবাব দেন তিনি। এক প্রশ্নের জবাবে দুর্নীতি নির্মূলে সরকারের কঠোর অবস্থানের কথা উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, দুর্নীতির মামলায় কাউকে ছাড় দেওয়া হবে না। যাঁরা রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছেন, বিদেশে অর্থ পাচার করেছেন, তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও বিচার-প্রক্রিয়া অব্যাহত থাকবে। তিনি বলেন, বর্তমান সরকার বিরোধী দলের কারও বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা দেয়নি। গত তত্ত্বাবধায়ক সরকার মামলা দিয়েছে। ঘুমের ইনজেকশন দিয়ে বিদেশে পাঠাতে চেয়েছিল বলে খালেদা জিয়ার বক্তব্য সম্পর্কে জানতে চাইলে সৈয়দ আশরাফ বলেন, ‘এর আগে বেগম জিয়া এ কথা বলেননি। জেল থেকে বেরিয়েও তিনি এ ব্যাপারে কিছু বলেননি।’ এই গুরুতর অভিযোগ তিনি আগে করলেন না কেন—এ প্রশ্ন তুলে তিনি বলেন, শেখ হাসিনাকে জেলে থাকা অবস্থায় হত্যার পরিকল্পনা করা হয়েছিল, আমরা তা আগেই বলেছি। তাঁর চিকিৎসকেরা বলেছেন যে তাঁকে বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করা হয়েছিল। উনি জেল থেকে বেরিয়েও এ কথা বলেছেন। কিন্তু খালেদা জিয়ার দলের কেউ ঘুমের ইনজেকশন দেওয়ার কথা বলেননি। এটা কেন খালেদা জিয়া এখন বললেন, কেবল তিনিই তা বলতে পারবেন। লালদীঘি ময়দানে দেওয়া খালেদা জিয়ার বক্তব্য খণ্ডন করে সৈয়দ আশরাফ বলেন, ‘নির্বাচনে পরাজিত বিএনপি-জামায়াত জোট জনগণের ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার হীন মানসে একের পর এক ষড়যন্ত্র করছে। ভিত্তিহীন মিথ্যা প্রচার চালিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার পুরোনো খেলায় মেতে উঠেছে তারা। লালদীঘি ময়দানে বেগম জিয়ার নির্লজ্জ মিথ্যাচার তারই ধারাবাহিকতার অংশ মাত্র।’ সৈয়দ আশরাফ বেগম জিয়ার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘দুর্নীতি নিয়ে বক্তব্য দেওয়ার আগে আয়নায় তাঁর ও তাঁর দলের চেহারা একবার দেখে নেওয়া দরকার। খালেদা জিয়া ও তাঁর ছেলেরা জরিমানা দিয়ে কালো টাকা সাদা করেছেন। আর কালো টাকা কখনো সাদা পথে উপার্জিত হয় না। তাঁদের বিন্দুমাত্র লাজলজ্জা থাকলে অন্যের বিরুদ্ধে এমন মন্তব্য করতেন না।’ খালেদা জিয়ার দেশ বিক্রির অভিযোগ প্রসঙ্গে সৈয়দ আশরাফ বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী পুনরায় সেই বস্তাপচা তত্ত্ব হাজির করেছেন। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে যাঁর বিন্দুমাত্র অবদান নেই এবং যুদ্ধাপরাধী গোলাম আযম, নিজামী, মুজাহিদ, কামারুজ্জামানরা যাঁদের ক্ষমতা ও রাজনীতির অংশীদার, তাঁর মুখে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কথা বলা মানায় না।’ তিনি বলেন, এর আগেও খালেদা জিয়া গঙ্গার পানিচুক্তি ও পার্বত্য চট্টগ্রাম চুক্তির সময় এই ধুয়া তুলেছিলেন। ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে বলেছিলেন। সেই ফেনী থেকেই এবারও তিনি সাংসদ নির্বাচিত হয়েছেন।সংবাদ সম্মেলনে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, বাহাউদ্দিন নাছিম, আফজাল হোসেন, ফজিলাতুন্নেসা ইন্দিরা, মৃণালকান্তি দাস, সুজিত রায় নন্দী, সুভাষ সিংহ রায়, মোর্শেদ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।