যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্যবস্থা দাবি
যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের আন্তরিকতা আছে। কিন্তু দেশে-বিদেশে যুদ্ধাপরাধের বিচার বানচাল করতে যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে বিচারপ্রক্রিয়ার বাইরে থেকে অনেক যুদ্ধাপরাধী পরিস্থিতি ঘোলাটে করার সুযোগ পাচ্ছে।গতকাল শনিবার সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১ আয়োজিত এক সমাবেশে আলোচকেরা এ কথা বলেন। ‘যুদ্ধাপরাধীদের বিচার কর, ষড়যন্ত্র প্রতিহত কর’ স্লোগান নিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম ও সমমনা বিভিন্ন সংগঠন একই সময়ে রাজধানীর ১২টি জায়গা থেকে গতকাল সড়ক শোভাযাত্রা ও পথসভা শেষে শহীদ মিনারে এসে জমায়েত হয়।বক্তারা বলেন, স্বাধীনতাবিরোধী গোষ্ঠী দেশে সরকারবিরোধী আন্দোলনের নামে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে এবং বিদেশি মুরব্বিদের প্রত্যক্ষ-পরোক্ষ সহায়তায় এই বিচারপ্রক্রিয়ার বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে। অনেক ক্ষেত্রে তারা কিছু মানুষকে ভুল বোঝাতে সক্ষম হচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার দেশকে বিভক্ত করতে পারে বলে বক্তব্য দিয়ে যাচ্ছে তারা। মুক্তিযুদ্ধের সময়ও দেশের কিছু মানুষ এ ধরনের বিভক্তির কথা বলে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে গণহত্যা ও নারী নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধে শরিক হয়েছিল বলে স্মরণ করিয়ে দেন বক্তারা। শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, ষড়যন্ত্রকারীরা বিদেশ থেকে আইনজীবীদের নিয়ে আসছে, তাঁদের দিয়ে সমাবেশ করাচ্ছে। মানুষ বিভ্রান্ত হচ্ছে।শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, বিগত নির্বাচনের আগে যুদ্ধাপরাধের বিচারের দাবি জোরালোভাবে উত্থাপতি হয়। কিন্তু সামাজিক ও রাজনৈতিক নানা ষড়যন্ত্রের কারণে স্বচ্ছ দাবিটা আবারও কিছুটা দুর্বল হয়ে যাচ্ছে, অতটা গুরুত্ব পাচ্ছে না বলে মনে হচ্ছে।সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, যুদ্ধের সময় আলবদর, আলশামস ও রাজাকাররা হত্যা, ধর্ষণ, আগুন লাগানো, লুটতরাজের মতো অপরাধ করে। যাদের ওপর সে সময় নির্যাতন হয়েছিল, তাদের কি বিচার পাওয়ার অধিকার নেই? যত দিন পর্যন্ত না এই বিচারকাজ শেষ হচ্ছে, তত দিন পর্যন্ত সেক্টর কমান্ডারস ফোরাম আন্দোলন চালিয়ে যাবে।সেক্টর কমান্ডার সি আর দত্ত (বীর বিক্রম) ষড়যন্ত্র রুখতে পুরো জাতিকে একতাবদ্ধ থাকার আহ্বান জানান। শুধু যুদ্ধাপরাধের বিচার হলে অনেকে আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে পারে, তাই বিচারের আওতা আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। তাঁর মতে, আন্তর্জাতিক অপরাধ আইন অনুসারে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, আগ্রাসন, যুদ্ধাপরাধ, ধর্ষণ, লুণ্ঠন ইত্যাদি অপরাধ সংঘটিত হয়। নিজামী-মুজাহিদ নৃশংসতম অপরাধ করেছেন, তাঁদের অপরাধের চরিত্র এমন যে হাজার বছর পেরিয়ে গেলেও তাঁদের বিচার হতে পারে। তিনি বলেন, এমনভাবে এগোতে হবে যেন যুদ্ধাপরাধী ও তাদের দোসরেরা যুদ্ধাপরাধ নিয়ে হাসি-ঠাট্টা, তামাশা-তাচ্ছিল্য করতে না পারে।আইনজীবী আমীর-উল ইসলামের মতে, যুদ্ধাপরাধীদের বিচার হয়নি বলেই নানা সামাজিক অস্থিরতার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, পাকিস্তানে হামুদুর রহমান কমিশনের প্রতিবেদনেও পাকিস্তানি সেনাসদস্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ মেলে। কিন্তু জুলফিকার আলী ভুট্টো তাদের বিচার করেননি। ফলে পাকিস্তানেও হত্যাকাণ্ড, সহিংসতা ঘটছে। সেক্টর কমান্ডারস ফোরামের সদস্য আবু ওসমান চৌধুরী বিচারপ্রক্রিয়াকে ত্বরান্বিত করতে দায়ী ব্যক্তিদের জন্য আপিলের যে ব্যবস্থা রাখা হয়েছে, তা তুলে দেওয়ার আহ্বান জানান। সেক্টর কমান্ডারস ফোরামের ব্যানারে মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড, বাঙলা কলেজ, নিউমার্কেট, শাহবাগ, গুলিস্তান, বাহাদুর শাহ পার্ক, টঙ্গী ব্রিজ, মহাখালী, ফার্মগেট, মগবাজার, কমলাপুর ও যাত্রাবাড়ীতে পথসভা করা হয়। এসব জায়গা থেকে পরে ছোট ছোট পিকআপ ভ্যানে করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন ফোরামের সদস্য-সমর্থকসহ শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা। সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে তাঁরা পথে পথে দেশাত্মবোধক গান পরিবেশন করেন, বিভিন্ন স্লোগান দেন। শহীদ মিনারে রাজাকার বাহিনীর বিরুদ্ধে গান পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠীর সদস্যরা।শহীদ মিনারের সমাবেশে আরও বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের আহ্বায়ক লে. জেনারেল (অব.) হারুন অর রশিদ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আহাদ চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুছ ও হাসান আরিফ, পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান, স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব ইকবাল আর্সলান, সেক্টর কমান্ডারস ফোরামের নির্বাহী সদস্য শাহজাহান মৃধা প্রমুখ।