যুদ্ধাপরাধীদের বিচার মানবতাবিরোধী হলে তা প্রতিহত করা হবে: এম কে আনোয়ার
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাংসদ এম কে আনোয়ার বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার মানবতাবিরোধী হলে বিএনপি তা প্রতিহত করবে। বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার সমর্থন করে। কিন্তু তা হতে হবে স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের।’ আজ শনিবার রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে বিএনপির বিভাগীয় তৃণমূল ইউনিয়ন প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এম কে আনোয়ার আরও বলেন, ‘১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয়নি। এখন একটি দলকে ঘায়েল করার জন্যই এই বিচার শুরু করা হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রতিহিংসার রাজনীতি করা হলে জনগণ তা মেনে নেবে না, বিএনপিও মানবে না।’ জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ৫ মে রাজশাহীতে মহাসমাবেশ করে সরকারবিরোধী আন্দোলন কর্মসূচির ঘোষণা দেবেন। তিনি আরও বলেন, বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে বিএনপিকে টিকিয়ে রাখতে হবে। আর বিএনপিকে টিকে থাকতে হলে তৃণমূল নেতা-কর্মীদের মূল্যায়ন করতে হবে।রাজশাহী বার অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য রফিকুল ইসলাম, কবি আবদুল হাই সিকদার ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি রেজাউল করিম।