যুদ্ধাপরাধীদের বিচার মৌলবাদের লাগাম টেনে ধরবে: মেনন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার সফল হলে তা দক্ষিণ এশিয়ায় ধর্মীয় মৌলবাদের লাগাম টেনে ধরার রাস্তা পাকা করবে।আজ রোববার দক্ষিণ এশিয়া সোশ্যাল ফোরামের এক সেমিনারে রাশেদ খান এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ মিলনায়তনে অমল সেন ট্রাস্ট ‘ধর্মীয় মৌলবাদ: প্রেক্ষাপট বাংলাদেশ-যুদ্ধাপরাধীদের বিচার-জনগণের রায়’ শীর্ষক ওই সেমিনারের আয়োজন করে।সেমিনারে মূল প্রবন্ধে রাশেদ খান মেনন বলেন, দক্ষিণ এশিয়া বিশেষত পাকিস্তান, বাংলাদেশ ও ভারত ধর্মীয় মৌলবাদী শক্তি দ্বারা আক্রান্ত, যা এ দেশগুলোর নিরাপত্তা, সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে। তিনি বাংলাদেশে ধর্মীয় মৌলবাদের উত্থান তুলে ধরে এর জন্য প্রধানত বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন চারদলীয় জোটকে দায়ী করেন। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে বলেন, যখন বিভিন্ন বাধা অতিক্রম করে বিচার কাজ শুরু হয়েছে, তখন বিএনপি-জামায়াত এ বিচারপ্রক্রিয়াকে ব্যর্থ করতে প্রকাশ্যে সর্বশক্তি নিয়োগ করছে। তিনি বলেন, ‘এ বিচারের মধ্য দিয়ে শুধু অপরাধীদের বিচারই হবে না, ধর্মীয় মৌলবাদের রাজনীতিও ব্যর্থ হয়ে যাবে। এ বিচার সফল হলে জামায়াতে ইসলামীর মেরুদণ্ডে আঘাত হানবে, যা বাংলাদেশের ধর্মীয় মৌলবাদী রাজনীতির কেন্দ্রবিন্দু। এর মাধ্যমে ইসলামী মৌলবাদীরাও শক্ত আঘাতের মুখে পড়বে। এটি দক্ষিণ এশিয়ায় ধর্মীয় মৌলবাদের লাগাম টেনে ধরার রাস্তা পাকা করবে।’মানবতাবিরোধী অপরাধের বিচারে ট্রাইব্যুনাল ও বিচারকের সংখ্যা বাড়ানোর দাবি জানিয়ে সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, এত সীমিতসংখ্যক আইনজীবী দিয়ে এত বড় মামলা চালানো যায় না। তিনি যুদ্ধাপরাধীদের দায়ে অভিযুক্ত ব্যক্তিদের পাশাপাশি জামায়াতে ইসলামী, সে সময়কার আল-বদর, আস-শামসসহ এ ধরনের সংগঠনের বিচার দাবি করে বলেন, যারা যুদ্ধাপরাধ বা হত্যা করেছিল, তারা ব্যক্তিগতভাবে তা করেনি। বরং দলগত সিদ্ধান্তে, দলীয় আদর্শে উজ্জীবিত হয়ে এ কাজ করেছে। নুরেমবার্গে ছয়টি সংগঠনের এ ধরনের বিচার হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। সেটিকে আমেরিকা সমর্থন করলেও দেশটি বাংলাদেশে জামায়াতে ইসলামীর দলগত বিচারের বিরোধিতা করছে বলেও অভিযোগ করেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একাত্তরের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে তাদের ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। কারিগরি দক্ষতা আরও বাড়াতে হবে। ট্রাইব্যুনালের বিচারককে নিয়ে যুদ্ধাপরাধীদের আইনজীবীদের যে অভিযোগ, তা মেনে নিলে দুই দিন পর অন্যজনকে নিয়োগ দেওয়া হলে তারা বলবে, ‘ওনিও হবেন না, ওনি মুক্তিযোদ্ধা।’ তিনি বলেন, জামায়াতকে রাজনীতি করার সুযোগ দিয়ে প্রথমবার অপরাধ করেছেন জিয়াউর রহমান, পঞ্চদশ সংশোধনীর পর দ্বিতীয়বার সুযোগ দিয়ে সে কলঙ্ক নিয়েছেন শেখ হাসিনা।অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভারতীয় কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য বিনোদ পাল বসু বক্তব্য দেন। সভাপতিত্ব করেন গবেষক, জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাাত।