যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার অঙ্গীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যুদ্ধাপরাধী রক্ষাকারীদের না বলুন’—এই স্লোগান ধারণ করে আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল মানববন্ধন কর্মসূচি পালন করেছে। একই সঙ্গে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে মানববন্ধনে। রাজধানীর দুই প্রান্ত গাবতলী থেকে সায়েদাবাদ পর্যন্ত ১৭ কিলোমিটার রাস্তাজুড়ে কয়েক হাজার মানুষ কর্মসূচিতে অংশ নেয়। বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত রাস্তায় এক ঘণ্টার অবস্থান শেষে শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘটে।একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার দাবি এবং বিএনপি-জামায়াতের ‘দেশবিরোধী ষড়যন্ত্রের’ প্রতিবাদে ১৪ দল এ কর্মসূচি পালন করে। একই দাবিতে ৩০ জানুয়ারি থেকে আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ ও জনসভা এবং ১৫ ফেব্রুয়ারি দেশব্যাপী গণপদযাত্রার নতুন কর্মসূচি ঘোষণা করা হয় আজকের মানববন্ধন থেকে। আজকের কর্মসূচিতে ১৪ দলের শীর্ষ নেতারা বলেন, দেশি-বিদেশি সব ধরনের প্রতিবন্ধকতা ও চাপ মোকাবিলা করেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হবে। তাঁরা জামায়াতে ইসলামীকে পরিত্যাগ করার জন্য বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় জনগণ তাঁকেই পরিত্যাগ করবে। গাবতলী বাসস্ট্যান্ড থেকে মানববন্ধন শুরু হয়ে তা শ্যামলী, আসাদ গেইট, ধানমন্ডি ২৭ নম্বর, রাসেল স্কয়ার, পান্থপথ, বসুন্ধরা সিটি, সোনারগাঁও হোটেল, শাহবাগ, হাইকোর্ট, পুরানা পল্টন মোড়, শহীদ নূর হোসেন চত্বর, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, ইত্তেফাক মোড়, রাজধানী সুপার মার্কেট হয়ে সায়েদাবাদে শেষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুলনায় কর্মসূচি থাকায় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, গোপালগঞ্জ ও নড়াইলকে মানববন্ধনের আওতামুক্ত রাখা হয়। এ দীর্ঘ পথে ব্যানার-ফেস্টুন নিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নিলেও কিছু স্থানে রাস্তা ছিল ফাঁকা। বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগসহ চৌদ্দ দলের কেন্দ্রীয় নেতারা মানববন্ধনের নেতৃত্ব দেন। কয়েকটি জায়গায় ক্ষুব্ধ কর্মীরা যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত গোলাম আযম, নিজামী, মুজাহিদ ও সাঈদীর প্রতীকী কুশপুত্তলিকা নিয়ে মিছিল করেন। এরপর কুশপুত্তলিকায় অগ্নিসংযোগ করে মিছিলকারীরা।মানববন্ধন চলাকালে রাস্তার যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য দলীয় নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেষ্টা থাকলেও কোথাও কোথাও কর্মসূচির কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনেক স্থানে রাস্তার এক পাশে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে বিকেলে ঘরমুখো মানুষের দুর্ভোগের সৃষ্টি হয়।বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে বঙ্গবন্ধু স্কয়ার এলাকায় ১৪ দলের জ্যেষ্ঠ নেতারা অবস্থান নেন। সেখানে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে মতিয়া চৌধুরী বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো ক্যাঙারু বা সামরিক আদালত নয় যে, ধরলাম আর ফাঁসি দিলাম। স্বচ্ছতার সঙ্গে দীর্ঘ চার বছর বিচারকার্য চলার পর রায় হয়েছে।’ তিনি বলেন, ‘এ রায় হওয়ার পর খালেদা জিয়ার মুখে কোনো ভাষা নেই। তিনি নির্বাক হয়ে গেছেন। অধিক শোকে পাথর হয়ে গেছেন।’ ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন বলেন, ‘যাঁরা যুদ্ধাপরাধীদের বিচারকে দলীয় রাজনীতি মনে করেন, তাঁদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নেই।’ তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ ছিল যেমন জাতীয় অ্যাজেন্ডা, তেমনি যুদ্ধাপরাধীদের বিচারও জাতীয় অ্যাজেন্ডা। এটা কোনো দলীয় অ্যাজেন্ডা নয়। শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, ‘বাংলার মাটিতে জামায়াতের স্থান নেই। সব রকম চাপ মোকাবিলা করেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হবে।’ পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘রায়ের পর বিএনপি কোনো ভাষা খুঁজে পাচ্ছে না। মানুষ জেনে গেছে তাদের অবস্থান যুদ্ধাপরাধীদের পক্ষে।’ এ সময় আরও বক্তব্য দেন জাসদের শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান, আওয়ামী লীগের আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এম এ আজিজ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।মানববন্ধনের রুট ঘুরে দেখা যায়, কিছু স্থান ছাড়া সড়কের পাশে দীর্ঘ লাইন ধরে ১৪ দলের নেতা-কর্মীরা মানববন্ধন রচনা করেন। প্রেসক্লাব-সংলগ্ন হাইকোর্টের ঈদগাহ মাঠের সামনের সড়কে আওয়ামীপন্থী আইনজীবীরা মানববন্ধন করেন। এরপর সড়কের আশেপাশে কিছুটা ফাঁকা থাকলেও শাহবাগ থেকে শুরু হয় মানববন্ধনের দীর্ঘ লাইন। রাসেল স্কয়ার থেকে শ্যামলী পর্যন্ত প্রায় পুরো এলাকায় ছিল দীর্ঘ মানববন্ধন। শ্যামলী থেকে গাবতলী পর্যন্ত খণ্ড খণ্ড মানববন্ধন দেখা গেছে। সড়ক ধরে ১৪ দল এবং সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের ব্যানারে কয়েক হাজার নেতা-কর্মী মানববন্ধনে অংশ নেন। মোহাম্মদপুর এলাকায় নেতা-কর্মীদের পাশাপাশি কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেখা যায়। এ ছাড়া মানববন্ধনে নারী, পুরুষ, শিশুসহ বিভিন্ন পেশাজীবীর অংশগ্রহণ ছিল লক্ষণীয়। বিভিন্ন স্থানে বাচ্চু রাজাকারের গ্রেপ্তার ও দ্রুত ফাঁসি কার্যকর এবং অন্য যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করার দাবিতে মিছিল ও স্লোগান হয়েছে।