প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার হবেই। মানবতাবিরোধীদের বিচার বাধাগ্রস্ত করতে আন্দোলনের হুমকি দেওয়া হচ্ছে। এতে কোনো লাভ হবে না। মানবতাবিরোধীদের বিচার কেউ রুখতে পারবে না। গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের হোটেল হিলটনের বলরুমে তাঁর (প্রধানমন্ত্রী) সম্মানে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী বলেন, জোট সরকারের আমলে বাংলাদেশের প্রাপ্তি ছিল তিরস্কার। দুর্নীতি, জঙ্গিবাদ, মৌলবাদ ও সন্ত্রাসবাদ ছিল জোট সরকারের শাসনামলের মূল উপাদান। তিনি বলেন, বর্তমান সরকার এখন জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে দেশের ভাবমূর্তি পুনরুদ্ধার হয়েছে।শেখ হাসিনা বলেন, ‘আমরা ক্ষমতা গ্রহণের পর দেশে কৃষি উৎপাদন বেড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটেছে। দেশের মানুষ শান্তিতে বসবাস করছে।’ বেকার-সমস্যা দূরীকরণে বিভিন্ন কর্মসূচির উল্লেখ করে শেখ হাসিনা বলেন, যুবকেরা ব্যাংক থেকে ৫০ হাজার টাকা ঋণ নিতে পারবেন।শিক্ষা প্রসঙ্গে তিনি বলেন, সবার মতামতের ভিত্তিতে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। এ নীতি বাস্তবায়নের জন্য কোনো মহলের বিরোধিতার আর সুযোগ নেই। তিনি আরও বলেন, সরকার ডিগ্রি পর্যন্ত বিনা মূল্যে শিক্ষা দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে এবং এ পদ্ধতি চালুর সম্ভাব্য উপায়গুলো খতিয়ে দেখতে ইতিমধ্যে একটি কমিটিও গঠন করেছে।শেখ হাসিনা বলেন, ‘জোট সরকার বিদ্যুৎ উৎপাদন নয়, ব্যস্ত ছিল খাম্বা নিয়ে। আমরা বিদ্যুৎ উৎপাদনকে সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। যোগ্য আবেদনকারীদের বিদ্যুৎ উৎপাদনের জন্য অনুমতি দেওয়া হচ্ছে।’ তিনি বলেন, ২০১৩ সালের মধ্যে বিদ্যুৎ সমস্যার সমাধান ও ২০১৪ সালের মধ্যে দেশের নিরক্ষরতা দূর হবে।প্রধানমন্ত্রী বলেন, অচিরেই শিশু ও মাতৃমৃত্যুর হার ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা সম্ভব হবে। মুঠোফোনের মাধ্যমে গ্রামপর্যায়ে চিকিৎসাসেবা দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের আট হাজার পোস্ট অফিসে ই-সেন্টার সংযুক্ত করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় সাড়ে চার হাজার ইউনিয়নকে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আনা হবে।প্রবাসীদের ভোটাধিকার দেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু ভোটার নয়, প্রবাসীদের অনেকেই নির্বাচনে প্রার্থী হতে চান। তবে টাকা ও স্লোগানে দেশে আর নির্বাচনে জেতা যাবে না। “হোন্ডা, গুন্ডা আর নির্বাচন ঠান্ডা”র দিন শেষ। এখন প্রার্থীকে তাঁর নির্বাচনী মাঠ তৈরি করতে হবে। এ ক্ষেত্রে একজন প্রার্থীর জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা ও ইমেজের বিষয়টি অবশ্যই দেখা হবে।’ তিনি বলেন, বিগত তত্ত্বাবধায়ক সরকার অন্তত একটি ভালো কাজ করেছে, সেনাবাহিনীর সহায়তায় ছবিসহ ভোটার তালিকা হওয়ায় ভুয়া ভোট দেওয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।শেখ হাসিনা বলেন, দুর্নীতিবাজ, সন্ত্রাসী ও মানবতাবিরোধীদের রক্ষার আন্দোলন শুরু করলে জনগণ বসে থাকবে না। হত্যা, খুন ও দুর্নীতির সঙ্গে যারা জড়িত, তাদের বাঁচাতে কোনো মহল এগিয়ে এলে তাদের বিষয়ে সতর্ক থাকতে তিনি প্রবাসীদের আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, দেশে অনাবাসী (এনআরবি) বাংলাদেশিদের সুবিধার্থে প্রবাসী কল্যাণ ব্যাংক নামে একটি নতুন ব্যাংক চালু করা হচ্ছে। এর মাধ্যমে প্রবাসীরা বিনিয়োগসহ সব ধরনের সুবিধা পাবেন। বিদেশিদের চেয়ে প্রবাসীদের বিনিয়োগে তিনি বেশি উৎসাহী বলে উল্লেখ করেন। তিনি বলেন, প্রবাসীদের জন্য পৃথক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।বক্তব্যের শেষ পর্যায়ে উপস্থিত প্রবাসীরা ‘বিমান বিমান’ বলে চিৎকার করলে প্রধানমন্ত্রী বলেন, ২০১১ সালের মধ্যে বিমানে নতুন বহর যোগ হবে। তখন নিউইয়র্ক থেকেই শুরু হবে এর প্রথম ফ্লাইট।সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, চিফ হুইপ আব্দুস শহীদ, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় প্রমুখ।