চট্টগ্রামে ১৪ দলের বিশাল সমাবেশ, উড়ালসড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচার হবেই
চট্টগ্রামে লাখো মানুষের মহাসমাবেশ করে বিরোধী দলের কর্মসূচির পাল্টা জবাব দিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। জাতীয় নির্বাচনের প্রায় দুই বছর বাকি থাকলেও গতকালের সমাবেশ থেকে ১৪ দলের আগাম নির্বাচনী প্রচারও চোখে পড়ল। একাধিক শীর্ষস্থানীয় নেতা দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ‘শেখ হাসিনার সরকার, আরেকবার দরকার’ বলে স্লোগান দেন।সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধীদলীয় নেতা সরকারকে লুলা-ল্যাংড়া করতে চান। তিনি রাজাকার-আলবদরদের বাঁচাতে চান। তবে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের যারা বাঁচাতে চায়, বাংলার মাটিতে তাদের ঠাঁই নেই, ঠাঁই হবে না। যুদ্ধাপরাধীদের বিচার হবেই।গতকাল বুধবার চট্টগ্রাম রেলওয়ে পলোগ্রাউন্ড ময়দানে ১৪ দল আয়োজিত বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। সরকার গঠনের তিন বছর পর চট্টগ্রামে প্রধানমন্ত্রীর এটাই প্রথম রাজনৈতিক জনসভা। এটি ১৪ দলের মহাসমাবেশ হলেও এতে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বক্তব্য দেন। এর আগে গত ৯ জানুয়ারি চারদলীয় জোটের নেত্রী খালেদা জিয়া একই মাঠে মহাসমাবেশে বক্তব্য দেন।মানুষের ঢল: গতকাল মানুষের ঢল নেমেছিল মহাসমাবেশে। হাজার হাজার মানুষের পদচারণে গোটা শহর অচল হয়ে পড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মহাসমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীদের বহনকারী বাস ছাড়া সব রকম যানবাহন বন্ধ ছিল। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রংবেরঙের ব্যানার, পোস্টার ও তোরণ দিয়ে বন্দরনগরকে বর্ণিল সাজে সাজানো হয়। চৈত্রের খরতাপের মধ্যেও মানুষ ঘণ্টার পর ঘণ্টা মাঠে বসে ছিল। পলোগ্রাউন্ড মাঠের বাইরে আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লোকজন অবস্থান নেয়। বেলা তিনটার মধ্যে পলোগ্রাউন্ড মাঠ ছাপিয়ে পুরাতন রেলস্টেশন, বিআরটিসি, কদমতলী, সিআরবি ভবন ও টাইগার পাস এলাকা লোকে পরিপূর্ণ হয়ে যায়।মহাসমাবেশ ঘিরে চট্টগ্রামজুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। পার্শ্ববর্তী কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী ও নোয়াখালী থেকে লোকজন এসে মহাসমাবেশে যোগ দেয়। শহরের প্রায় ৫০টি কমিউনিটি সেন্টারে তারা অবস্থান করে। শতাধিক স্থানে মেজবানের আয়োজন করে নেতা-কর্মীদের আপ্যায়ন করা হয়। কিছু গাড়ি ঘুরে ঘুরে মহাসমাবেশে আসা লোকজনকে পানি, শরবত ও রুটি বিতরণ করে।বিরোধী দলের সমালোচনা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রীর তীব্র সমালোচনা করে বলেন, উনি ছেলেদের দুর্নীতি, লুটপাট আর মানি লন্ডারিং শিখিয়েছেন। মা হয়ে ছেলেদের দুর্নীতি ও মানি লন্ডারিং শেখালেন, লজ্জা হয় না? তাদের দুর্নীতি ধরা পড়েছে, হংকং, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্র ও কানাডায়। যুক্তরাষ্ট্র থেকে এফবিআইর সদস্য এসে মানি লন্ডারিং মামলায় সাক্ষ্য দিয়ে গেছেন। তিনি এখন ধমক দেন। সরকারকে লুলা-ল্যাংড়া করে দেবেন। কথায় বলে, চোরের মার বড় গলা। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসে হত্যা আর লুটপাটের জন্য। তারা ক্ষমতায় এলেই জঙ্গিবাদের সৃষ্টি হয়। দেশ সন্ত্রাস, দুর্নীতির দেশে পরিণত হয়। বিদেশে দেশের ভাবমূর্তি বিনষ্ট হয়।শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে নাকি আমরা যা যা করেছি তা বন্ধ করে দেবে। তাহলে আমরা যে সমুদ্রজয় করলাম, তা কি তারা মিয়ানমারকে ফেরত দিয়ে দেবে? এত এত বিদ্যুৎকেন্দ্র কি তারা বন্ধ করে দেবে? তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বর্ণনা দিয়ে বলেন, গত তিন বছরে ৬৮ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। সাড়ে চার লাখ মানুষের সরকারি চাকরি হয়েছে। তিন হাজার ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বেড়েছে। দারিদ্র্যের হার ১০ ভাগ কমেছে। মাতৃমৃত্যুর হার কমেছে। গার্মেন্টস শ্রমিকদের বেতন দেড় হাজার টাকা থেকে তিন হাজার টাকায় উন্নীত করা হয়েছে। সাধারণ মানুষের জন্য শিক্ষা সহায়তা তহবিল করা হয়েছে। তিনি বলেন, ‘২০০১ সালে বিএনপি ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। কিন্তু আমি বলেছিলাম, গ্যাস নিতে পারবেন না। তারা নিতে পারেনি।’প্রধানমন্ত্রী চট্টগ্রামবাসীকে প্রতিশ্রুতি দিয়ে বলেন, চট্টগ্রামে গভীর সমুদ্রবন্দর হবে। অর্থনৈতিক অঞ্চল করা হবে। কক্সবাজার পর্যন্ত রেলপথ হবে।উড়ালসড়ক উদ্বোধন: প্রধানমন্ত্রী গতকাল সকালে চট্টগ্রামে পৌঁছেই বন্দর এলাকায় এক কিলোমিটার দীর্ঘ উড়ালসড়ক (ফ্লাইওভার) উদ্বোধন করেন। এটি চট্টগ্রামের প্রথম উড়ালসড়ক। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে এর পরিকল্পনা হলেও আওয়ামী লীগ সরকার গঠনের পর তহবিল গঠন করে এক বছরের মাথায় কাজ শুরু হয়। ২৩ মাসে ৮৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হয়। এরপর প্রধানমন্ত্রী তৈরি পোশাকশিল্পের চার হাজার নারী শ্রমিকের জন্য ডরমিটরির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পাঁচলাইশে এলজিইডির ১০ তলা ভবন উদ্বোধন করেন। ফঠিকছড়ির হালদা সেতুর কাছে ৫৫ মিটার দীর্ঘ রাবার ড্যাম উদ্বোধন করেন। বৌদ্ধবিহার পুনর্নির্মাণ ও সংস্কার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১০০ মেগাওয়াট করে তিনটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন। এ ছাড়া সার্কিট হাউসে তিনি মহানগর নেতাদের সঙ্গে বৈঠক করেন।