যুদ্ধাপরাধীদের বিচার হবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চললেও যুদ্ধাপরাধীদের বিচার হবেই। বলেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। ‘বঙ্গবন্ধুর জীবনদর্শন ও বাংলাদেশের বর্তমান রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে এই সভার আয়োজন করে পেশাজীবী সমন্বয় পরিষদ। সভায় অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যারা গণহত্যা চালিয়েছিল, তাদের বিচারের জন্য বঙ্গবন্ধু ১৯৭৩ সালে আইন করেছিলেন। এ ছাড়া তিনি দালাল আইন করেছিলেন; কিন্তু পরবর্তী সময়ে জিয়া সেই আইন বাতিল করেন। তবে ১৯৭৩ সালের আইন বাতিলের সাহস কেউ করেননি। সেই আইনেই আজকে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। কেবল যুদ্ধাপরাধের বিচার নয়, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করা হবে। অ্যাটর্নি জেনারেল বলেন, ‘যুদ্ধাপরাধের বিচার বন্ধ করতে নানা ষড়যন্ত্র হচ্ছে। বিদেশে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কেউ কেউ বলার চেষ্টা করছেন, এত বছর পর কেন এই বিচার? একটি বিষয় মনে রাখতে হবে, যুদ্ধাপরাধের কোনো ক্ষমা নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা গণহত্যা চালিয়েছিল, তাদের এখনো বিচার হচ্ছে। বাংলাদেশের যুদ্ধাপরাধেরও বিচার হবে।’পেশাজীবী সমন্বয় পরিষদের সভাপতি বিচারপতি এ এফ এম মেসবাহউদ্দীন সভায় সভাপতিত্ব করেন। আরও বক্তব্য দেন শিক্ষাবিদ আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম নজরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুজ্জামান, জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের সভাপতি কাজী ফারুক আহমেদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোলাম কুদ্দুছ, প্রকৌশলী খাবিরুজ্জামান।