যুদ্ধাপরাধীদের বিচার হলে দেশ বিভক্ত হবে না: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার হলে দেশ বিভক্ত হবে না। এ বিচার বিশ্বব্যাপী স্বীকৃত। আমরা না করলেও পরের প্রজন্ম যুদ্ধাপরাধীদের বিচার করবে।’ বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দুর্নীতিবাজ, যুদ্ধাপরাধী বা জঙ্গিদের বাঁচানোর জন্য মানুষের জীবনের ওপর দুর্ভোগ আর কষ্ট আনবেন না।’সংসদের শরত্কালীন অধিবেশনের সমাপনী বক্তৃতায় সংসদনেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার রাতে এ কথা বলেন। এ সময় মহাজোটের সাংসদেরা টেবিল চাপড়ে বারবার প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। বিরোধী দলের সাংসদেরা এ সময় অনুপস্থিত ছিলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে প্রায় আধাঘণ্টার এ ভাষণে প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানানোর পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ফিরিস্তি তুলে ধরেন।যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে ডেইলি স্টারের একটি জরিপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ওতে দেখা গেছে, মাত্র ১২ ভাগ মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায় না। আর সবাই চায়। কিন্তু বিরোধীদলীয় নেতা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’ তিনি বলেন, ‘যেখানে সমগ্র জাতি এ বিচার চাচ্ছে, বিশ্ববাসী চাচ্ছে, তখন বিরোধীদলীয় নেতা দেশকে হানাহানির দিকে ঠেলে দিচ্ছেন।’ ওই পথ থেকে বিরোধী দলকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জঙ্গি দমনে এ সরকার তার অভিযান অব্যাহত রাখবে।’প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকারের সময় মানুষ আশার আলো দেখছে, সম্ভাবনার দ্বার খুলে যাচ্ছে। কিন্তু এ সময় বিরোধী দল সংসদে কেন অনুপস্থিত, তা কারও বোধগম্য নয়। বিরোধী দল এমন কিছু করবে না আশা করি, যাতে মানুষ যে সুখের মুখ দেখছে, সম্ভাবনার আলো দেখছে, তা নস্যাত্ হয়ে যায়।’ বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ অধিবেশনে না এলেও আশা করি তাঁরা আগামী অধিবেশন যোগ দেবেন। তাঁরা যে গণতন্ত্রে বিশ্বাসী, তা প্রমাণ করতে হলে অবশ্যই তাঁদের সংসদে আসা উচিত।’সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে জাতিসংঘের পদকপ্রাপ্তির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ অর্জন আমার একার নয়, এ অর্জন সবার। এ অর্জনের ভাগিদার সবাই। তাই এ অর্জনকে দেশবাসীর প্রতি উত্সর্গ করছি। কারণ তাঁরা ভোট দিয়ে এখানে এনেছেন বলেই এ অর্জন সম্ভব হয়েছে।’ ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁদের চোখে বাংলাদেশ একসময় বন্যা আর দুর্যোগের দেশ থাকলেও এখন স্থিতিশীল ও সম্ভবনাময় দেশ। বাংলাদেশ রাজনৈতিকভাবে ধর্মনিরপেক্ষ আর সংস্কৃতিতে বাঙালি। জঙ্গিবাদ দমনে এ সরকারের সাফল্যের কথাও তাঁরা উল্লেখ করেছেন।’প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের জন্য পুরস্কার নিয়ে আসে। আর বিএনপি ক্ষমতায় থাকতে এ দেশকে জঙ্গিবাদের দেশে পরিণত করেছিল। তিনি বলেন, ‘ক্ষমতায় থাকলে আমরা আনি পুরস্কার, উনারা আনেন তিরস্কার। এটাই পার্থক্য।’প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী ৩০ হাজার মুক্তিযোদ্ধা হত্যার অভিযোগ এনেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে। তাঁর কাছে যদি কোনো তালিকা থাকে, তিনি তা প্রকাশ করুন।’ বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, ‘মিথ্যাচার না করে একবার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে খালেদ মোশরাফ, কর্নেল তাহেরসহ শত শত সামরিক বাহিনীর সদস্যকে হত্যা করেছেন, সেদিকে তাকান। যাদের কাঁধে চড়ে তিনি ক্ষমতায় এসেছিলেন, ক্ষমতায় এসে তাঁদেরই হত্যা করেছেন। এর জবাব একদিন দিতে হবে।’প্রধানমন্ত্রী তাঁর সরকারের সাফলের্য কথা তুলে ধরে বলেন, গত ২০ মাসে বৈদিশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। সরকার সোনা কিনে সোনার রিজার্ভও বাড়িয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ দশমিক ৫ ভাগ থেকে এখন ৬ ভাগে উন্নীত হয়েছে। এ সবই সরকারের সাফল্যের সূচক।চালের দাম বাড়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে হঠাৎ যেন এক উৎপাত শুরু হয়। পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও অজ্ঞাত কারণে হঠাৎ চালের দাম বাড়ানো হচ্ছে। এটা খতিয়ে দেখা হচ্ছে। তবে এ জন্য দ্রুত ওএমএস চালু করা হয়েছে। ভবিষ্যতে রেশন কার্ডেরও ব্যবস্থাও করা হবে।