মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যুদ্ধাপরাধীদের বিচারে দেরি করলেও যুদ্ধাপরাধী জামায়াত-শিবির চক্র বসে নেই। তারা ১৯৭১ সালের মতো একই কায়দায় রগ কেটে মানুষকে হত্যা করছে। যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে যত দেরি হবে, ততই এমন অরাজকতা বৃদ্ধি পাবে। তাই সরকারকে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচারের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিবাদ সভায় বক্তারা সরকারের কাছে এ আহ্বান জানান। যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জামায়াত-শিবিরের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে সেক্টর কমান্ডারস ফোরাম, মুক্তিযুদ্ধ ’৭১ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট এ প্রতিবাদ সভার আয়োজন করে।সভার সভাপতি সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, ‘আমি বিশ্বাস করি, সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টিতে সচেতন। তাই সরকার অতি শিগগিরই এ বিচারপ্রক্রিয়া সম্পন্ন করবে। সরকারের প্রথম সংসদ অধিবেশনের প্রথম পাস হওয়া প্রস্তাব ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা। বাজেটে এ খাতে টাকা বরাদ্দ করা হয়েছে। আইন সংশোধন করা হয়েছে। বিচারের জন্য জায়গা নির্বাচনের কাজ চলছে। তবে এক বছরের বেশি সময় পার হয়ে গেছে। তাই সাধারণ জনগণের দাবি, এ বিষয়ে আর দেরি করা যাবে না, দ্রুত বিচার কাজ শেষ করতে হবে।’সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, যুদ্ধাপরাধীদের কার কী অপরাধ, তা চিহ্নিত করে জনগণকে জানাতে হবে। তাই আগে তদন্ত কমিশন গঠন করতে হবে, পরে বিচারের জন্য ভবন ঠিক করতে হবে। জঙ্গি সংগঠনের তালিকা করে আইনের আওতায় আনারও আহ্বান জানান তিনি।প্রতিবাদ সভায় একাত্মতা প্রকাশ করে অন্যদের মধ্যে বক্তব্য দেন ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সেক্টর কমান্ডার সি আর দত্ত, মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক নুরুল আলম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী, নাট্যব্যক্তিত্ব ম হামিদ, কর্নেল শামসুল আলম, রাষ্ট্রদূত আনোয়ারুল আলী, সাংবাদিক হারুন হাবিব প্রমুখ।