যুদ্ধাপরাধীদের বিচারিক কাজে সংশ্লিষ্টদের নিরাপত্তা দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে সংশ্লিষ্ট বিচারক, আইনজীবী, তদন্ত কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে সরকার। এর পরও যদি তাঁদের মধ্যে কেউ মনে করেন, তাঁদের আরও নিরাপত্তার প্রয়োজন, তাও দেওয়া হবে। আজ বৃহস্পতিবার বিকেলে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল ভবনটি পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।এ সময় আইনমন্ত্রী শফিক আহমেদ, পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার ও স্বরাষ্ট্রসচিবও ভবনটি পরিদর্শন করেন।এদিকে আজ বিকেল চারটার দিকে আইনমন্ত্রী শফিক আহমেদ আনুষ্ঠানিকভাবে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদন্ত কমিটি, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনালের বিচারকদের নাম ঘোষণা করেছেন। এর আগে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনালের জন্য প্রস্তাবিত সদস্যদের নাম অনুমোদন করেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনমন্ত্রী এক সংবাদ ব্রিফিংয়ে এই সদস্যদের নাম ঘোষণা করেন।