আলোচনায় আইন প্রতিমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারে আরও তদন্ত সংস্থা ও ট্রাইব্যুনাল করা হবে
যুদ্ধাপরাধীদের বিচার সুষ্ঠু ও দ্রুত করতে ভবিষ্যতে প্রয়োজনে আরও তদন্ত সংস্থা এবং ট্রাইব্যুনাল গঠন করা হবে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। আজ রোববার রাজধানীতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘৭ই নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যার বিচারের দাবিতে’ শীর্ষক এই আলোচনা সভা হয়। এই আলোচনার আয়োজন করে ’৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটি। আইন প্রতিমন্ত্রী বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছে। এই বিচার শেষ করতেই হবে। এটিই হচ্ছে এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধ। এতে বিজয়ী হতেই হবে। বিজয়ী না হলে ভবিষ্যতের বাংলাদেশ কল্পনাও করা যায় না। তিনি বলেন, তদন্ত সংস্থা ইতিমধ্যে ১২ জনের নাম প্রকাশ করেছে। ভবিষ্যতে আরও নাম প্রকাশিত হবে। দেশে যত মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী রয়েছে, সবারই বিচার হবে। প্রথমে হবে চিহ্নিত যুদ্ধাপরাধীদের।কামরুল ইসলাম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান রক্তের হোলিখেলা শুরু করেছেন। ৭ নভেম্বর শত শত মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তার রক্ত নিয়ে তিনি হোলি খেলেছেন। এখানে কার সঙ্গে কার সংহতি? এখানে সংহতি হয়েছে খুনির সঙ্গে স্বাধীনতাবিরোধীর।সেক্টর কমান্ডারস ফোরামের সাধারণ সম্পাদক ও সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আমি খুব শঙ্কিত। যেকোনো ধরনের আত্মতুষ্টিতে না গিয়ে, সব ধরনের সতর্কতা অবলম্বন করেই এই কাজ করতে হবে।’ তিনি বলেন, ‘আমি দাবি করব, একটি নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে জেল হত্যাকাণ্ডের নেপথ্যে যারা ছিল, সেই কুচক্রীদের মুখোশ জাতির সামনে তুলে ধরতে হবে। একটু বিলম্বে হলেও এটি প্রকাশ করা উচিত।’’৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু মোল্লা মোহাম্মদ কাওসার, ’৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক ফারুখ আহমেদ, এস কে বাদল ও শ্রমিক লীগের নেতা এম এ করিম।