যুদ্ধাপরাধীদের বিচারে ইমামদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে ইমামদের অব্যাহত সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে সরকারি প্রচেষ্টায় সহায়তা করার জন্য ইমামদের ভূমিকার প্রশংসা করেন।প্রধানমন্ত্রী আজ শনিবার রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইমাম প্রশিক্ষণ একাডেমি ও বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জাতীয় ইমাম সম্মেলন ২০১১-এ ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন।প্রধানমন্ত্রী ইমামদের প্রতি কোরআন ও সুন্নাহর শিক্ষার আলোকে জনগণকে শিক্ষিত করে তোলা এবং দারিদ্র্য দূরীকরণ, স্বাস্থ্যসেবার উন্নয়ন, যৌতুক, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূলে তাঁদের জ্ঞান-বুদ্ধি কাজে লাগানোর আহ্বান জানান।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া। স্বাগত বক্তব্য দেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী হাবিবুল আউয়াল। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজাল ও প্রশিক্ষণ গ্রহণকারী ইমাম মাওলানা আবুল বাশার।প্রধানমন্ত্রী সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তিনজন সেরা ইমামকে পুরস্কৃত করেন। তা ছাড়া সমাজে অবদান রাখার জন্য প্রতিটি জেলা থেকে একজন করে ইমামকে পুরস্কৃত করা হয়। প্রধানমন্ত্রী ইমামদের প্রতি শান্তি ও সম্প্রীতির জাতি হিসেবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ‘বহুকাল থেকেই ধর্মীয় নেতা হিসেবে ইমামরা সমাজে শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত এবং একই সঙ্গে তাঁরা সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ তুলে ধরতেও অবদান রাখছেন।’আওয়ামী লীগ ক্ষমতায় যেতে ধর্মকে ব্যবহার করছে না বরং ইসলামের উন্নয়নে আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে, যিনি স্বাধীনতার পর ইসলামের কল্যাণে অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বাসস।