যুদ্ধাপরাধীদের বিচারে এটাই শেষ সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সম্ভবত যুদ্ধাপরাধীদের বিচারের এটাই শেষ সুযোগ। দল ক্ষমতায় আছে, ভবিষ্যতেও হয়তো ক্ষমতায় যাবে। কিন্তু এবার বিচার সম্ভব না হলে ভবিষ্যতে যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব হবে না।আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী যুবলীগের তৃণমূল পর্যায়ের প্রতিনিধি সভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার বানচালে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। ইউরোপ, আমেরিকাসহ মুসলিম দেশগুলো থেকে আমার কাছে প্রতিদিনই ই-মেইল আসছে। বিচার শেষ না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ তিনি বলেন, ‘আমরা মাত্র হাতেগোনা কয়েকজন যুদ্ধাপরাধীর বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পেরেছি। স্বাধীনতাবিরোধী যুদ্ধাপরাধীদের রয়েছে বিশাল অদৃশ্য শক্তি। তাদের রয়েছে অর্থের শক্তি, অস্ত্র-সন্ত্রাস আর বোমার শক্তি। তাদের রয়েছে দেশীয় ও আন্তর্জাতিক দোসর। এই দোসররা অঢেল অর্থের বিনিময়ে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।’ছাত্রসমাজ ও যুবসমাজের কাছে দেশ ও জাতি অনেক কিছু আশা করে মন্তব্য করে সৈয়দ আশরাফ বলেন, ‘নতুন সমাজকে রাজনীতি, সংসদ ও মন্ত্রিসভায় আনতে হবে। রাজনৈতিক দলকে নতুন চেহারার মাধ্যমে নবায়ন করতে হবে। আশা করি, আওয়ামী লীগের আগামী সম্মেলনের মাধ্যমে তরুণদের জাতীয় নেতৃত্ব ও সংসদে দেখা যাবে।’যুবলীগ গঠনের প্রেক্ষাপট তুলে ধরে সৈয়দ আশরাফ জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কঠোর সমালোচনা করে বলেন, জাসদ গঠনের মাধ্যমে রাজনীতিতে বিভক্তি সৃষ্টি করা না হলে ১৫ আগস্টের ঘটনা ঘটত না। যুবলীগ গঠনের সময় একটি গ্রুপ বিরোধিতা করেছিল। পরে প্রমাণিত হয়, তাদের ওই বিরোধিতার মধ্যে রাজনৈতিক অসত্ উদ্দেশ্য ছিল। যার বহিঃপ্রকাশ ঘটে জাতীয় সমাজতান্ত্রিক দল গঠনের মাধ্যমে। জাসদের সমালোচনা করে তিনি বলেন, তথাকথিত বৈপ্লবিক সমাজতন্ত্রের নামে তারা সর্বপ্রথম ছাত্রলীগকে হাত করে। স্তরে স্তরে সামাজিক বিপ্লবের নামে সমাজতন্ত্র কায়েমের কথা বলা হয়। মুক্তিযুদ্ধকে জনযুদ্ধ বলার চেষ্টা করা হয়। এরপর জাসদ নামে রাজনৈতিক দলের আবির্ভাব হয়। তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরে মুক্তিযুদ্ধের প্রধান শক্তি যুবসমাজ ও ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকলে ১৫ আগস্টের ঘটনা বাংলাদেশে সম্ভব হতো না। তথাকথিত বৈপ্লবিক সমাজতন্ত্রের নামে রাজনৈতিক বিভক্তি সৃষ্টিই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত না হওয়ার একমাত্র কারণ।সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো সরকারই সমুদ্রসীমা নির্ধারণের কোনো উদ্যোগ নেয়নি। বঙ্গবন্ধু নিহত না হলে এটা অনেক আগেই নির্ধারিত হতো। মুক্তিযুদ্ধের পর সমুদ্রজয়কে সবচেয়ে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি।বাংলাদেশের ‘সমুদ্র বিজয়’ উপলক্ষে ১৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘যুব গণসংবর্ধনা’ দেবে আওয়ামী যুবলীগ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওই অনুষ্ঠান সফল করতেই এ প্রতিনিধি সভার আয়োজন করা হয়।যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সভায় বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, হুইপ মির্জা আজম প্রমুখ। যুবলীগের সারা দেশের নেতারা এই প্রতিনিধি সভায় অংশ নেন।