যুদ্ধাপরাধীদের বিচারে এটাই শেষ সুযোগ: সৈয়দ আশরাফ
স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারে এটাই শেষ সুযোগ। এই সুযোগ আর নাও থাকতে পারে। কারণ পরে যদি কখনো মুক্তিযুদ্ধেরবিরোধী শক্তি ক্ষমতায় আসে, তাহলে এই সুযোগ থাকবে না। যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া ব্যর্থ হলে এর দায় শুধু শেখ হাসিনার নয়, আপনাদেরও (মুক্তিযোদ্ধা) নিতে হবে।আজ শনিবার নগরের একটি কমিউনিটি সেন্টারে মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। সৈয়দ আশরাফ বলেন, মুক্তিযুদ্ধের পর জাতিকে বিভক্ত করা না হলে বিচারের জন্য এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো না। এ বিলম্বের জন্য পাপ আমার-আপনার। এর দায় আরও বয়ে যেতে হবে। পাঁচ বছরের মধ্যে বিচার পুরোপুরি শেষ করা সম্ভব নয়। কারণ এটা ক্যাঙ্গারু কোর্ট নয়। নুরেমবার্গ ট্রায়ালেও আপিল করার সুযোগ ছিল না। কিন্তু বাংলাদেশে আছে। আমাদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। যুদ্ধাপরাধীর বিচার ত্বরান্বিত করার দাবিতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড এ সমাবেশের আয়োজন করে। এতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার ও ফেনীর বিপুলসংখ্যক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন। মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান এম এ মনছুরের সভাপতিত্ব সমাবেশে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, সাংসদ মঈনুদ্দিন খান বাদল, নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান হেলাল মোর্শেদ খান ও মহাসচিব এমদাদ হোসেন মতিন প্রমুখ।