যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সেল কাজ শুরু করবে সোমবার: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী শফিক আহমেদ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের লক্ষ্যে আগামী সোমবারের মধ্যে তদন্ত সংস্থা ও প্রসিকিউশন সেল কাজ শুরু করবে। তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একাধিক ট্রাইব্যুনাল গঠনের বিধান রয়েছে। একাধিক ট্রাইব্যুনাল গঠনের বিষয়টি তদন্তের ওপর নির্ভর করছে। আজ শনিবার রাজধানীর আইডিবি ভবনে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘আইনের সঙ্গে সংগতি রেখে শিশুর যত্ন, সুরক্ষা এবং বিকল্প ব্যবস্থা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।আইনমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় দখলদার বাহিনীর সহযোগী হিসেবে যারা গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধ করেছে সরকার তাদের বিচারের উদ্যোগ নিয়েছে। এ বিচারের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই উল্লেখ করে তিনি বলেন, এ কথা যারা বলেছে, তারা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় নেমেছে। রাজনৈতিক হয়রানির উদ্দেশে কারও বিচার করা হবে না।আইনমন্ত্রী এর আগে সেমিনারে শিশু অপরাধের কারণগুলো চিহ্নিত করে তা দূর করতে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের পাশাপাশি সব শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।আইনমন্ত্রী বলেন, সামাজিক-অর্থনৈতিক নানা কারণে শিশুরা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে। প্রাচুর্য ও অভাবের তাড়নায় অনেক শিশু বিপথগামী হয়। তবে এই দুই শ্রেণীর অপরাধের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা রয়েছে।অপরাজেয় বাংলাদেশের নির্বাহী পরিচালক ওয়াহিদার সভাপতিত্বে পরামর্শক সভায় সাংসদ শাহিদা তারেক, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, অপরাজেয় বাংলাদেশের পরিচালক এরিক থিপ থর্প ও কর্মসূচি ব্যবস্থাপক আমিনুল ইসলাম বক্তৃতা করেন। বিচারপতি এম ইমান আলী সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সভায় পুলিশ, বিভাগ, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং সংস্থার প্রতিনিধি অংশ নেন।