যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনালের সদস্যদের নাম ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল মহান স্বাধীনতা দিবসের আগেই আজ বৃহস্পতিবার বিকেল চারটার দিকে আইনমন্ত্রী শফিক আহমেদ আনুষ্ঠানিকভাবে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য তদন্ত কমিটি, আইনজীবী প্যানেল ও ট্রাইব্যুনালের সদস্যদের নাম ঘোষণা করেছেন। এর আগে রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারে ট্রাইব্যুনালের জন্য প্রস্তাবিত সদস্যদের নাম অনুমোদন করেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনমন্ত্রী এক সংবাদ ব্রিফিংয়ে এই সদস্যদের নাম ঘোষণা করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পরিকল্পনামন্ত্রী ও মুক্তিযুদ্ধের উপ-অধিনায়ক এ কে খন্দকার, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার, আইনসচিব আনোয়ারুল হক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তিন সদস্যবিশিষ্ট ট্রাইব্যুনালের সদস্যরা হলেন বিচারপতি নিজামুল হক নাসিম, বিচারপতি এ টি এম ফজলে কবীর ও অবসরপ্রাপ্ত জেলা জজ জহিরুল আহমেদ।১২ সদস্যের আইনজীবী প্যানেলে রয়েছেন গোলাম আরিফ, সৈয়দ রেজাউর রহমান, রানাদাস গুপ্ত, এ কে এম জহিরুল হক, নুরুল ইসলাম, সৈয়দ হায়দার আলী, খন্দকার আবদুল মান্নান, মোশাররফ হোসেন, সানজিদা খানম, জিয়াদ আল মালুম, আবদুর রহমান হাওলাদার ও সুলতান মাহমুদ।সাত সদস্যবিশিষ্ট তদন্তকারী সংস্থার সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আবদুল মতিন, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আবদুর রহিম, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক কুতুবউর রহমান, মেজর (অব.) এ এস এম শামসুল আরেফিন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অতিরিক্ত উপমহাপরিদর্শক মীর শহিদুল ইসলাম, সিআইডির (ঢাকা) পরিদর্শক নুরুল ইসলাম ও সিআইডির পরিদর্শক আবদুর রাজ্জাক।