যুদ্ধাপরাধীদের বিচারে বাইরের কোনো দেশ থেকে চাপ আসেনি: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার না করার জন্য বাইরের কোনো দেশ থেকে চাপ আসেনি। তবে এ বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আমরা বিভিন্ন দেশের পরামর্শ ও সহযোগিতা চেয়েছি এবং তাদের কাছ থেকে ব্যাপক সমর্থন পাওয়া গেছে।’ তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করলে মুসলিম দেশগুলোয় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের চাকরি চলে যাবে বলে যারা অপপ্রচার ছড়াচ্ছে, তারা হয় যুদ্ধাপরাধে জড়িত ছিল অথবা তারা যুদ্ধাপরাধীদের লালন-পালন করেছে বা পৃষ্টপোষকতা দিয়েছে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৩৯তম শাহাদাত্ বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের আত্মদান: যুদ্ধাপরাধীদের বিচার ও গণপ্রত্যাশা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ফাউন্ডেশন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সহসভাপতি মাহবুব এলাহী মঞ্জু (বীর প্রতীক)। এ সময় বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্ত্রী মিলি রহমান উপস্থিত ছিলেন।সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির ও বিচারপতি গোলাম রাব্বানী। আরও বক্তব্য রাখেন এয়ার কমোডর (অব.) হুমায়ুন কবির, মতিউর রহমানের বড় বোন জামিলা আজাদ, মিলি রহমানের বড় বোন রোজী কুদ্দুস প্রমুখ।পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এখন যারা সরকারে আছে তারা সব সময় স্বাধীনতার পক্ষে কাজ করেছে। আর যারা বিরোধী দলে আছে তাদের দ্বারাই সব সময় স্বাধীনতাবিরোধী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। তাদের সময়েই দেশে মৌলবাদ ও জঙ্গিবাদের উত্থান ঘটেছে এবং মুক্তিযুদ্ধের চেতনা ভূলুণ্ঠিত হয়েছে। এখন আবার তাদের কাছ থেকেই যুদ্ধাপরাধীদের বিচারে বাধা আসছে। নতুন প্রজন্মকে তিনি এদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান।মজিবুর রহমান ফকির বলেন, যুদ্ধাপরাধীদের বিচার করতে তরুণ প্রজন্ম মহাজোটকে বিপুল ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। জনমত এখন এই বিচারের পক্ষে। সরকার জনমতের প্রতি সম্মান জানাতে বিচারকাজ শুরু করেছে এবং তা যথাসময়ে সম্পন্ন হবে।বিচারপতি গোলাম রাব্বানী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে এবং মহাজোটের ভোট বিপ্ল¬বকে ধরে রাখতে হবে। আলোচনা সভায় বক্তারা রাজধানীর চন্দ্রিমা উদ্যানকে ঘিরে বীরশ্রেষ্ঠ চত্বর গড়ে তোলা এবং বীরশ্রেষ্ঠদের মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।