যুদ্ধাপরাধীদের বিচারে যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে: মরিয়ার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে তাঁর সরকারের সমর্থন থাকবে।যুদ্ধাপরাধীদের বিচারের অবশ্যই হতে হবে উল্লে¬খ করে তিনি বলেন, এ বিচার হতে হবে আন্তর্জাতিক মানের।মার্কিন রাষ্ট্রদূত আজ সোমবার খুলনা ক্লাবে আমেরিকা সপ্তাহের উদ্বোধনপূর্ব এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।মরিয়ার্টি বলেন, আন্তর্জাতিক শান্তিরক্ষা অভিযানে বাংলাদেশের অবদান এক নম্বরে। এ ছাড়া পাকিস্তান ও হাইতিতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ তাদের দুই হাত বাড়িয়ে সহায়তা দিয়েছে। তিনি বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র ও অংশীদার হিসেবে অভিহিত করেন।‘আমাদের মধ্যে একটি দীর্ঘস্থায়ী আন্তরিক সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত আমরা বাংলাদেশে উন্নয়ন সহায়তা হিসেবে ৫৮০ কোটি ডলারের বেশি প্রদান করেছি’—এ কথা উল্লে¬খ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সহায়তা-নির্ভর অর্থনীতি থেকে বাণিজ্য-নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। তিনি যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার হিসেবে আখ্যায়িত করে বলেন, ২০১০ সালে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ৫০০ কোটি ডলারে পৌঁছেছে।মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘আমাদের ঘনিষ্ঠ সম্পর্কের ওপর লাখ লাখ বাাংলাদেশির জীবিকা নির্ভর করে। আমরা এই দৃঢ় অংশীদারি বজায় রাখতে চাই। আর বাংলাদেশের সকল নাগরিকের জন্য উন্নততর ও সমৃদ্ধতর ভবিষ্যতের লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারের সাথে একযোগে কাজ করতে চাই।’সংবাদ সম্মেলন শেষে মার্কিন রাষ্ট্রদূত আমেরিকা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং খুলনা ক্লাব প্রাঙ্গণে বিভিন্ন স্টল ঘুরে দেখেন।অন্যদের মধ্যে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক ও ইউএসএআইডির মিশন পরিচালক ডেনিস রলিন্স এ সময় উপস্থিত ছিলেন।‘আমেরিকা সপ্তাহ’ উপলক্ষে যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে আমেরিকান বুথ প্রদর্শনী, ডাইভার্সিটি ভিসা-সংক্রান্ত তথ্য উপস্থাপন, সিসিমপুর নাটিকা প্রদর্শন ও খুলনা জেলা স্টেডিয়ামে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। পরে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান তারকা খেলোয়াড় এবং স্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ এবং বিকেলে খুলনা ক্লাবে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাসস।