যুদ্ধাপরাধীদের বিচারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী
যুদ্ধাপরাধীদের বিচারকাজ বাধাগ্রস্ত করতে বিএনপির ষড়যন্ত্রের ব্যাপারে সদা সতর্ক থাকতে সেক্টর কমান্ডারস ফোরামের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বিরোধী দলের এই ভূমিকার ব্যাপারে জনমত সংগ্রহ করারও আহ্বান জানান। খবর ইউএনবির।আজ রোববার সকালে নিজ কার্যালয়ে সেক্টর কমান্ডারস ফোরামের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এক ব্রিফিংয়ে এ কথা জানান। শেখ হাসিনা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার জনগণের দাবি। তাদের প্রত্যাশা পূরণের জন্যই বিচারকাজ চলবে। এতে কেউ বাধা দিতে পারবে না। তাঁদের রক্ষা করতে বিএনপির আন্দোলনকে অযৌক্তিক বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি উপস্থিত ছিলেন।