যুদ্ধাপরাধীদের বিচারে সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাষ্ট্র
যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। আজ শনিবার সকালে টাঙ্গাইল জেলার মির্জাপুরে ভারতেশ্বরী হোমস পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খবর বাসসের।ড্যান মজীনা বলেন, ‘ইতিমধ্যে যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ দূত লয়েড তিনবার বাংলাদেশ ঘুরে গেছেন। তিনি আন্তর্জাতিক যুদ্ধাপরাধী বিচারের বিষয়ে কিছু পরামর্শও দিয়েছেন।’ সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যত্ নির্ভর করছে প্রধান দুই রাজনৈতিক দলের ওপর। সংলাপের মাধ্যমেই সব ধরনের রাজনৈতিক সমস্যার সমাধান হতে পারে। রাজনীতিতে চলমান অস্থিরতা নিরসন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে বড় রাজনৈতিক দলগুলোকে এখনই সংলাপে বসার আহ্বান জানান তিনি। মজীনা কুমুদিনীতে পৌঁছে ভারতেশ্বরী হোমসের ছাত্রীদের মার্চপাস্ট ও শরীরচর্চা প্রদর্শনী উপভোগ করেন। এরপর তিনি ৭৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজ ও কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত কুমুদিনী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহা ও তাঁর সেবা প্রতিষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। এ সময় তাঁর সফরসঙ্গী ছিলেন স্ত্রী গ্রেস, মেয়ে আন্না এবং মেয়েজামাই টেলর।কুমুদিনী ওয়েলফেয়ার টাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা, পরিচালক শ্রীমতি সাহা ও পরিচালক (শিক্ষা) প্রতিভা মুত্সুদ্দি, মির্জাপুর পৌরসভার মেয়র শহিদুর রহমান, বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনারা আক্তারও এ সময় উপস্থিত ছিলেন।বিকেলে ড্যান মজীনা কুমুদিনী কমপ্লেক্সের আনন্দ নিকেতনে ভারতেশ্বরী হোমস ও কুমুদিনী নার্সিং স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।