যুদ্ধাপরাধীদের বিচারে সরকার অঙ্গীকারাবদ্ধ: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারে এ সরকার জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ। যুদ্ধাপরাধের বিচার অবশ্যই করা হবে। অনেকে মনে করতেন, বঙ্গবন্ধু হত্যার বিচার এই সরকার করতে পারবে না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাঁটা-বিছানো পথে হেঁটে মুজিব হত্যার বিচার করেছেন।আজ শনিবার বেলা ১১টায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাও বাজারে গরিব, দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শাড়ি, চাল ও খেজুর বিতরণকালে কৃষিমন্ত্রী এ কথা বলেন।মতিয়া চৌধুরী বলেন, নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর ট্রান্স এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত করা হচ্ছে। এ জন্য এশিয়ান হাইওয়ে প্রকল্পের আওতায় নকলা উপজেলা থেকে নাকুগাঁও স্থলবন্দর পর্যন্ত সড়ক চার লেনে উন্নীত করা হবে।বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর ত্রাণতহবিল ও মতিয়া চৌধুরীর ব্যক্তিগত তহবিল থেকে আজ উপজেলার কলসপাড়, রাজনগর, নন্নী ও পোড়াগাঁও ইউনিয়নের দুস্থ, অসহায় ও গরিবদের মধ্যে এক হাজার ১৫২টি শাড়ি, দুই হাজার ৬৫৬ জনকে জনপ্রতি ১০ কেজি করে আতপ চাল এবং মোট ২২২ কেজি খেজুর বিতরণ করা হয়।এ সময় শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) নাছিরুজ্জামান, পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) বানেজ আলী মিয়া, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান বাদশা, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম, পৌর মেয়র আবদুল হালিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।