যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকারের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন
মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও যুদ্ধাপরাধীদের বিচারের অঙ্গীকার নিয়ে জাতি গতকাল শুক্রবার পালন করেছে ৩৯তম স্বাধীনতা দিবস। এবারের স্বাধীনতা দিবসের বিশেষ তাৎপর্য ছিল সরকারের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরুর ঘোষণা। স্বাধীনতালাভের পর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলের দাবি ছিল যা গত দুই দশক ধরে ক্রমে একটি সংগঠিত আন্দোলনের রূপ নেয়। স্বাধীনতা দিবসের প্রাক্কালে গত ২৫ মার্চ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থা গঠনের উদ্যোগ গ্রহণের ঘোষণা দেশবাসীর মধ্যে বিশেষ উদ্দীপনা সৃষ্টি করে। এবারের স্বাধীনতা দিবস উদ্যাপনের আনন্দে তা বিশেষ মাত্রা যোগ করে। দেশবাসী যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করে মুক্তিযুদ্ধের চেতনায় একটি গণতান্ত্রিক, মানবিক মূল্যবোধসম্পন্ন, উন্নত সমাজ বিনির্মাণেরও অঙ্গীকার করেছে এই দিনে।বরাবরের মতোই সারা দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে বিভিন্ন সংগঠন অজস্র কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করে। এসব কর্মসূচির মধ্য দিয়ে কৃতজ্ঞ জাতি মহান মুক্তিযুদ্ধে শহীদ দেশমাতৃকার বীর সন্তান এবং স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী অন্যান্য জাতীয় নেতা এবং যুদ্ধে অংশ নেওয়া সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। জাতি বেদনার সঙ্গে স্মরণ করেছে মুক্তিযুদ্ধে হারানো স্বজনদের। সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয়েছিল দিনের কর্মসূচি। গতকাল শুক্রবার থাকায় জুমার নামাজের পর মসজিদে মসজিদে মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে দোওয়া করা হয়। এ ছাড়া ঢাকেশ্বরী জাতীয় মন্দিরেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, আলোচনা সভা, প্রদর্শনী, কুচকাওয়াজ, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রধান সড়ক ও ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পথে পথে বেজেছে বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্মবোধক গান। সাভারে জনতার ঢল: সাভারে জাতীয় স্মৃতিসৌধে ভোরের আলো ফোটার আগে থেকেই নেমেছিল জনতার ঢল। ভোর ছয়টা ১০ মিনিটে এখানে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পরই সাধারণ মানুষের জন্য স্মৃতিসৌধের দ্বার উন্মুক্ত করে দেওয়া হয়। পর্যায়ক্রমে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, প্রধান বিচারপতি, ডেপুটি স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমজীবী, পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও অগণিত মানুষ স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।হাজার হাজার মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় ফুলে ফুলে ভরে ওঠে জাতীয় স্মৃতিসৌধের বেদি। এ বছর সবকিছু ছাপিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে স্লোগানে স্লোগানে আকাশ-বাতাস প্রকম্পিত করেছে তরুণ প্রজন্ম। ভোর থেকেই মুক্তিযুদ্ধের অমর রণধ্বনি ‘জয় বাংলা’ ও ‘যুদ্ধাপরাধীদের বিচার চাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্মৃতিসৌধ প্রাঙ্গণ।স্মৃতিসৌধে তরুণ আর শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তরুণেরা দৃঢ় কণ্ঠে জানিয়েছেন, মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে রেখে দেশের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। তাঁরা দাবি জানিয়েছেন অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করার।সকাল সাড়ে আটটার পর স্মৃতিসৌধে ভিড় বাড়তে থাকে। শ্রদ্ধা জানাতে আসা অনেকের কাছেই ফুল ছাড়াও ছিল প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল ‘অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে’।ফুল দেওয়ার পর জাতীয় স্মৃতিসৌধের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে ছিল লাল মিয়া, মোহাম্মদ আলী, নূর নবী ও জবা আক্তাররা। ওরা সবাই সুবিধাবঞ্চিত শিশু। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া চার তরুণ ওদের স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর সুযোগ করে দিয়েছিলেন। ওই চার তরুণ আর শিশুদের কাছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা মানে সমান অধিকার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। লাল মিয়া বলল, ‘আমরা শুনছি, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অনেক মানুষ মাইরা ফেলছে। আমরা এর বিচার চাই।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গালিব মাহমুদ বলেন, যুদ্ধাপরাধীদের বিচার ছিল বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। তরুণ প্রজন্ম সেই লক্ষ্যের প্রতিই রায় দিয়েছেন। আমরা চাই অবিলম্বে সরকার যুদ্ধাপরাধীদের বিচার শুরু করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুক। সামাজিকভাবে এসব যুদ্ধাপরাধীকে বর্জন করা হোক।তরুণদের এসব কথা শুনে মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন বললেন, ‘আমরা দেশকে স্বাধীন করেছি। এখন একে গড়ে তোলার দায়িত্ব এই তরুণদের। আর এসব তরুণের দাবি অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার।’সকাল ১০টা ৩৫ মিনিটে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের নেতৃত্বে শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করে সেক্টর কমান্ডার্স ফোরাম। এ কে খন্দকার বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারের জন্য চার বছর আমরা সারা দেশ ঘুরে প্রচার করেছি। এখন যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবে রূপ পেতে যাচ্ছে। বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। অবশ্যই তা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’অন্যান্য আয়োজন: সকাল থেকেই জনতার ঢল নেমেছিল ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও। সকাল সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে তার পিতা এবং স্বাধীনতার স্থপতির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এর পর থেকে সারা দিনই বিভিন্ন সংগঠন এবং ব্যক্তি এখানে এসে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে।স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়েছিল শিক্ষার্থী ও তরুণদের ঐতিহ্যবাহী প্রভাতী কুচকাওয়াজ। প্রধানমন্ত্রী কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।বঙ্গভবনে সংবর্ধনা: বিকেলে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বিশিষ্ট নাগরিক ও কূটনীতিকদের জন্য সংবর্ধনার আয়োজন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এতে যোগ দেন। সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি শহীদ বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যদের অভ্যর্থনা জানান। তিনি তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সর্বাত্মক সহায়তার আশ্বাস ও উপহার দেন।এ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সকাল সাতটায় জাতীয় স্মৃতিসৌধে, আটটায় বঙ্গবন্ধু ভবনে এবং নয়টায় শিখা চিরন্তনে পুষ্পস্তবক অর্পণ করে। শহীদদের স্মরণে ট্রাকে চড়ে বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধের গান পরিবেশন করেন শিল্পীরা। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। তা ছাড়া টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল সকালে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে। বাংলা একাডেমী বিকেলে নজরুল মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে আলোচনা, কবিতা পাঠ, সংগীত, নৃত্য ও নাটকের আয়োজন করে।এ ছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ওয়াইড ভিশন স্কুল অ্যান্ড কলেজ, সোনালী ব্যাংক লিমিটেড, জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর তাঁতী লীগ, ধানমন্ডি থানা আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বাংলাদেশ সংস্কৃতি কেন্দ্র, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন, বঙ্গবন্ধু নাগরিক সংহতি পরিষদ, আশেকে রাসুল মুক্তিযোদ্ধা পরিষদ, মুক্তিযোদ্ধা ঐক্য পরিষদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব পরিষদ, জাকের পার্টি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, ইসলামিক ফাউন্ডেশন, আওয়ামী তরুণ লীগ, বঙ্গবন্ধু ইসলামী পরিষদ, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ সম্মিলিত গার্মেন্টস শ্রমিক লীগ, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, বাংলাদেশ রাইফেলস (বিডিআর), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, নজরুল ইনস্টিটিউট, বাংলা-উর্দু সাহিত্য ফোরাম, জাতীয় গণতান্ত্রিক লীগ, বাংলাদেশ নারীমুক্তি আন্দোলন, বাংলাদেশ কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলন, জাতীয় জাদুঘর, ইন্টারন্যাশনাল টার্কিশ হোপ স্কুল, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, কেন্দ্রীয় খেলাঘর আসর, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, ছাত্রঐক্য ফোরামসহ বিভিন্ন সংগঠন তাদের নিজ নিজ কর্মসূচি পালন করে।