যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন
‘মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার চাই’ দাবিতে ১৮ এপ্রিল বিকেলে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে মুক্তিযুদ্ধে শহীদদের পরিবারের সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা এ কর্মসূচিতে অংশ নেন। শহরের নবাবপাড়ায় জেলা জাসদের কার্যালয়ের সামনে প্রথমে মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা। এরপর মৌন মিছিল নিয়ে লঞ্চঘাট এলাকায় দ্বিতীয়বার ও পরে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন শহীদ পরিবারের সদস্য প্রভাষক মো. সানু মিয়া, জেলা সেক্টর কমান্ডারস ফোরামের সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা মানষ কান্তি দত্ত, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, মহিলা পরিষদের সভানেত্রী ফাতেমা বেগম, সহসভানেত্রী ফাতেমা জব্বার, শিক্ষক সমিতির সভাপতি এম এ খালেক, কোস্টাল এনজিও ফোরামের সভাপতি এ এইচ মুনসুর আহমেদ, জেলা সিপিবির সদস্য সুভাষ চন্দ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের পটুয়াখালীর আহ্বায়ক কাজী দেলোয়ার হোসেন, জেলা জাসদের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক শ ম দেলোয়ার হোসেন দিলীপ প্রমুখ।