যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সারা দেশে গণচিত্র প্রদর্শিত হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রকর্ম জাতির কথা বলে, জনগণের কথা বলে। জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন সুনিপুণভাবে ঘটানো যায় চিত্রকর্মের মাধ্যমে। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাতি আজ ঐক্যবদ্ধ। সেই দাবিই গণচিত্রে ফুটিয়ে তুলেছেন দেশের চার বরেণ্য চিত্রশিল্পী। আজ শুক্রবার ১৬০ ফুট আয়তনের চারটি গণচিত্র শহীদ মিনারের পাদদেশে উদ্বোধন করা হয়।সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আঁকা এসব চিত্রকর্মের ডিজিটাল প্রতিচ্ছবি (রেপ্লিকা) তৈরি করে পয়লা বৈশাখ ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় একযোগে প্রদর্শন করা হবে। পরে সারা দেশে এসব গণচিত্র প্রদর্শিত হবে। গণচিত্র চারটি এঁকেছেন শিল্পী শিশির ভট্টাচার্য্য, নিসার হোসেন, মনিরুজ্জামান ও শেখ আফজাল। গণচিত্র সম্পর্কে শিল্পী নিসার হোসেন প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযুদ্ধ ও এতে যুদ্ধাপরাধীদের কী ভূমিকা ছিল, সেটাই চিত্রগুলোর উপজীব্য। প্রথম তিনটি চিত্রে মুক্তিযুদ্ধ চলাকালে এবং পরবর্তী সময়ে যুদ্ধাপরাধী ও সাম্প্রদায়িক শক্তির নৃশংসতা-অত্যাচারের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আর শেষ চিত্রকর্মে দেখানো হয়েছে মুক্তিযোদ্ধাদের বিজয়।’তিনি জানান, ৩ এপ্রিল এসব চিত্রকর্ম আঁকা শুরু করেন তাঁরা। অ্যাক্রেলিক মাধ্যমে ক্যানভাসে এসব চিত্র আঁকা হয়েছে। প্রতিটি চিত্রকর্মের আয়তন ৪০ ফুট। এসব চিত্রকর্মের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও বিশিষ্ট সাংবাদিক ফয়েজ আহমদ বলেন, দেশের জনগণ ৩৯ বছরে যুদ্ধাপরাধীদের ক্ষমা করেনি। যুদ্ধাপরাধীদের বিচারের যে গণদাবি, তাকে শিল্পীরা চিত্রকর্মের মাধ্যমে তুলে এনেছেন। জনগণকে সচেতন করতে চিত্রগুলো কাজ করবে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘বাংলাদেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে মুক্তিযুদ্ধের আদর্শ টিকিয়ে রাখতে হবে। যুদ্ধাপরাধীরা কখনোই মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করেনি। বরং এখনো পাকিস্তান বানানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জাতীয় জাগরণ তৈরি করে আমাদের এই শত্রুর মোকাবিলা করতে হবে।’জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাংসদ হাসানুল হক ইনু অবিলম্বে ট্রাইব্যুনালের কাছে যুদ্ধাপরাধীদের আত্মসমর্পণ করার আহ্বান জানান। জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউছুফ বাচ্চু বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার ও সাম্প্রদায়িক শক্তিকে রুখে দাঁড়াও’—এ স্লোগানে সংস্কৃতিকর্মীরা আজ সোচ্চার। স্বাধীন এ দেশে যুদ্ধাপরাধীদের বাস করার কোনো অধিকার নেই। তিনি বলেন, চিত্রকর্মগুলো যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাতিকে ঐক্যবদ্ধ করবে। চিত্রের রাজনৈতিক শক্তি ও শিল্প শক্তি জাতিকে যুদ্ধাপরাধীদের বিচারের দিকে নিয়ে যাবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংস্কৃতিক সংগঠক রামেন্দু মজুমদার, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বিমল বিশ্বাস, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান ভূঁইয়া, জোটের সাধারণ সম্পাদক হাসান আরেফিন প্রমুখ। উদ্বোধনের পর রাজধানীর বিভিন্ন স্থানে প্রদর্শনের জন্য বেলা পৌনে ১২টার দিকে এসব চিত্রকর্ম নিয়ে দুটি পিকআপ শহীদ মিনার থেকে যাত্রা শুরু করে। আয়োজকেরা জানান, পিকআপ দুটি পলাশী, নিউমার্কেট, ধানমন্ডি, আসাদগেট, মিরপুর, বাংলা কলেজ, রোকেয়া সরণি, ফার্মগেট, রামপুরা ও মৌচাক হয়ে শহীদ মিনারে এসে শেষ হবে।