যুদ্ধাপরাধীদের বিচারের নামে সরকার নাটক করছে
যুদ্ধাপরাধীদের বিচারের নামে সরকার নাটক মঞ্চস্থ করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর এই অভিযোগ করেন। সুশীল ফোরাম নামের একটি সংগঠন ‘আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের মানবাধিকার’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে। আয়োজক সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকার মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে এখন নিজেই মানবাধিকার লঙ্ঘন করছে। বর্তমান ট্রাইব্যুনালকে ট্রাইব্যুনাল বলা যায় না। বিশ্বজিত্ হত্যাকাণ্ড, পরাগ মণ্ডল অপহরণসহ সরকারের নানা ব্যর্থতাকে আড়াল করার জন্যই যুদ্ধাপরাধের বিচারের নামে সরকার জনগণের দৃষ্টি ভিন্নি খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।সুশীল ফোরামের সভাপতি মো. জাহিদের সভাপতিত্বে ইসলামী ঐক্যজোটের সভাপতি আবদুল লতিফ নেজামী, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।নির্বাচনের ফল ঘোষণা করে দিয়েছে আওয়ামী লীগ?এদিকে অপর একটি আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান অভিযোগ করেন, ভারতের বস্তা ভরা টাকা আর পরামর্শে আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় এসেছে। এখন আওয়ামী লীগ বলছে ২০২১ সাল পর্যন্ত তারা ক্ষমতায় থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবে। এর মধ্যে আরও দুটি জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে। তিনি প্রশ্ন রাখেন, ‘তাহলে কি আওয়ামী লীগ আগামী দুটি নির্বাচনের ফলাফলই ঘোষণা করে দিয়েছে? বন্ধু রাষ্ট্রের মাধ্যমে কি তারা ফলাফল ঠিক করে ফেলেছে? এর জবাব সরকারকে দিতে হবে।’মঈন খান দাবি করেন, স্বাধীনতা ঘোষণার দায়দায়িত্ব নেওয়ার সাহসিকতা আওয়ামী লীগের কোনো নেতার ছিল না। জিয়াউর রহমান এটি করেছিলেন। আওয়ামী লীগ শুধু জিয়াউর রহমান নয়, তাঁর ছায়াকেও ভয় পায়। এ কারণে তারা ইতিহাস বিকৃতি করছে বলেও তিনি দাবি করেন।বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল ওই আলোচনা সভার আয়োজন করে।