যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে সঙ্গেই প্রশাসনে হামলা (ভিডিও)
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু বলেছেন, ‘আমরা লক্ষ করেছি, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনের লোকজনের ওপর হামলা চালানো হয়েছে।’ খবর বাসসের।এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে জাতিকে পিছিয়ে দেওয়া যাবে না।’আজ রোববার সকালে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমু। মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ও বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে ব্যাপক গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে ১৪ দল ঘোষিত সমাবেশ ও পদযাত্রা কর্মসূচিকে সফল করার লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হয়।আওয়ামী লীগের নেতা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়েই ১৪ দল দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করবে। তিনি বলেন, ‘কোনো প্রকার ষড়যন্ত্র আমাদের অগ্রযাত্রাকে প্রতিহত করতে পারবে না। যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই।’ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে অগ্রযাত্রা শুরু হয়েছে, তা বানচাল করা ও যুদ্ধাপরাধীদের রক্ষার জন্যই বিএনপি আন্দোলন করছে। তাদের অ্যাজেন্ডা একটাই, যুদ্ধাপরাধীদের বাঁচানো।১৪ দল ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৩০ জানুয়ারি টঙ্গী, ৭ ফেব্রুয়ারি সিলেট, ৮ ফেব্রুয়ারি জয়পুরহাট ও ৯ ফেব্রুয়ারি রংপুরে সমাবেশের আয়োজন। এ ছাড়াও ১৫ ফেব্রুয়ারি গণপদযাত্রা কর্মসূচির মধ্যে রয়েছে- টঙ্গী থেকে পদযাত্রা শুরু করে উত্তরায় সমাবেশ, সাভার থেকে হেমায়েতপুর এবং নারায়ণগঞ্জ থেকে কাঁচপুরে পদযাত্রা শেষে সমাবেশ। সব কর্মসূচিতেই কেন্দ্রীয় ১৪ দলের নেতারা উপস্থিত থাকবেন বলে জানান আমির হোসেন আমু।সভায় উপস্থিত ছিলেন দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভুঁইয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদের) সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নুরুর রহমান সেলিম প্রমুখ।