যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে শিগগিরই অভিযোগ গঠন করা হবে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ যা বলে, তাই করে। যুদ্ধাপরাধীদের বিচার আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকার ছিল। তা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়েছে। যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অল্প দিনের মধ্যেই অভিযোগ গঠন করা হবে।আজ বৃহস্পতিবার রাজশাহীর সাহেববাজার মোড়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যুবলীগের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এ কথা বলেন।যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ ও যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা আজম, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান প্রমুখ।সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, শেখ হাসিনার সঙ্গে দেশের মানুষ আছে। তারা বিরোধী দলের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবে। এ সময় তিনি যুবলীগকে আওয়ামী লীগের পাশে থাকার জন্য আহ্বান জানান। তিনি যুবলীগের নেতা-কর্মীদের মাদক, দুর্নীতি ও সন্ত্রাসকে না বলার জন্য আহ্বান জানান।মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের জন্য এরই মধ্যে আইন সংশোধন, তদন্ত কর্মকর্তা নিয়োগসহ যাবতীয় প্রক্রিয়া শুরু করা হয়েছে। নতুন প্রজন্মকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নির্বাচনের সময় যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আপনারা যে রায় দিয়েছিলেন, এখন তা বাস্তবায়ন করা হবে।’ এ জন্য তিনি নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।এর আগে রাজশাহী সিটি করপোরেশনের উন্নয়নমূলক কাজের পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সংবিধান সংস্কারবিষয়ক সংসদীয় কমিটিতে বিএনপির প্রতিনিধির নাম অন্তর্ভুক্তির সুযোগ এখনো রয়েছে। বিএনপি এ কমিটিতে নাম পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, সংবিধান তৈরি করেছে সংসদ, পরিবর্তন-পরিবর্ধনও করবে সংসদ।রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান জামায়াত-শিবিরকে উদ্দেশ করে বলেন, রাজশাহী থেকে তাদের বিতাড়িত করা হয়েছে। এর পরও তাদের সম্পর্কে সতর্ক থাকার জন্য যুবলীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।