যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে ১৭৮টি মামলা হয়েছে: আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে এ পর্যন্ত ১৭৮টি মামলা দায়ের করা হয়েছে।আজ মঙ্গলবার সংসদে সরকারি দলের নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর মধ্যে তদন্ত সংস্থা ১৯৩টি মামলার নথি পেয়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সারা দেশের বিভিন্ন আমলি আদালত থেকে ৩৫টি নালিশি দরখাস্ত এবং দেশের বিভিন্ন স্থান থেকে তদন্ত সংস্থা ৩১টি দরখাস্ত পেয়েছে।মন্ত্রী বলেন, বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন-১৯৭৩-এর আওতায় গত বছরের ২৫ মার্চ ট্রাইব্যুনাল, তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন টিম গঠন করে। যুদ্ধাপরাধ-সংক্রান্ত এসব মামলার তদন্ত ও বিচার কেন্দ্রীয়ভাবে একই তদন্ত সংস্থার তদন্তের ভিত্তিতে ট্রাইব্যুনাল সম্পন্ন করবে বিধায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে দায়ের করা মামলাগুলোর নথি তদন্ত সংস্থার কাছে পাঠানো হয়েছে। মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলছে। ইতিমধ্যে তদন্তকাজে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে।সরকারি দলের কাজী কেরামত আলীর এক প্রশ্নের জবাবে ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, বিদেশে পলাতক বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার আইনগত ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। সরকার তাদের দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।মন্ত্রী বলেন, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী, সংশ্লিষ্ট সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধানদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ বিষয়ে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।শফিক আহমেদ বলেন, ইতিমধ্যে দুজনকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হলে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। বাসস