যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ড হলে নিন্দা জানাতে পারবে না সৌদি আরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে এবং আদালত তাঁদের মৃত্যুদণ্ড দিলে, তা নিয়ে প্রতিবাদ বা নিন্দা জানানোর নৈতিক অবস্থান সৌদি আরবের থাকবে না। রাষ্ট্রপতির অনুরোধ সত্ত্বেও সৌদি আরবে আট বাংলাদেশির প্রকাশ্যে শিরশ্ছেদ করার প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ রোববার এক কর্মশালা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মিজানুর রহমান এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৯০তম বার্ষিকী উপলক্ষে আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে এথিক্স ক্লাব এ কর্মশালার আয়োজন করে।সৌদি আরবে আট বাংলাদেশির প্রকাশ্যে শিরশ্ছেদ প্রসঙ্গে মিজানুর রহমান বলেন, ‘আন্তর্জাতিক মানবাধিকার আইনে ন্যূনতম একটা মানদণ্ড আছে। যা মেনে চলা প্রত্যেকটি রাষ্ট্রের দায়িত্ব। আমরা মনে করি, প্রকাশ্যে শিরশ্ছেদ করা মানবাধিকার আইনের দৃষ্টিকোণ থেকে ন্যূনতম যে মানদণ্ড আছে, সেটির লঙ্ঘন। সেই হিসেবে এটি অসমর্থনযোগ্য এবং এর নিন্দা না জানিয়ে পারি না।’মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রপতির অনুরোধ প্রত্যাখ্যান করার মাধ্যমে সৌদি আরব খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে।’শিরশ্ছেদ হওয়া আট হতভাগ্য ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মিজানুর রহমান বলেন, ‘রাষ্ট্রপতির অনুরোধ না রাখায় একদিক দিয়ে বাংলাদেশ সরকারের লাভ হয়েছে। বর্তমানে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। সৌদি আরব বিদেশিদের বিচার করেছে। আমরা আমাদের নিজেদের লোকদের বিচার করছি। এ বিচারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। অভিযোগ প্রমাণিত হলে এবং আদালত মৃত্যুদণ্ড দিলে, নৈতিক অবস্থান থেকে এ নিয়ে প্রতিবাদ করার বা নিন্দা জানানোর তাদের সুযোগ নেই।’