যুদ্ধাপরাধীদের রক্ষকদের ব্যাপারে সজাগ থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে যারা যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়, তাদের নীলনকশার ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার ভন্ডুল করতে চায়। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের জাতীয় সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি স্বাধীনতাবিরোধী শক্তির ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হতে সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাই। দেশের মানুষ সজাগ থাকলে স্বাধীনতাবিরোধী শক্তি কিছুই করতে পারবে না।’ শেখ হাসিনা বাংলাদেশকে সব ক্ষেত্রে স্বাবলম্বী করে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তুলতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘দারিদ্র্যের বিরুদ্ধে আমাদের জয়ী হতে হবে। অন্যথায় আমাদের স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে।’প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি হচ্ছে দিন বদলের প্রধান হাতিয়ার। প্রযুক্তির যথাযথ ব্যবহার ও উত্কর্ষের মাধ্যমে উন্নয়নের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে প্রকৌশলীদের ভূমিকা অপরিসীম।দেশের অবকাঠামো উন্নয়ন এবং উত্পাদন কর্মকাণ্ডের প্রায় ৮৫ শতাংশ অর্থ ব্যয় হয় প্রকৌশলীদের মাধ্যমে, এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি, বিভিন্ন স্থাপনা, মিল-কারখানা, যন্ত্রপাতি সবকিছুর নির্মাণ ও স্থাপনের দায়িত্ব আপনাদের। কাজেই আপনাদের দক্ষতার ওপর নির্ভর করে আগামীতে দেশ কতটা দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাবে।’জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় টেকসই প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘এ ব্যাপারে উন্নত দেশগুলো আমাদের সহায়তা দিতে চেয়েছে। কিন্তু তাদের সহায়তার আশায় বসে না থেকে আমাদেরই টেকসই সবুজ প্রযুক্তি উদ্ভাবনে মনোযোগী হতে হবে।’ দেশীয় এ প্রযুক্তি উদ্ভাবনে তিনি সরকারের পক্ষ থেকে প্রকৌশলীদের সব ধরনের সহায়তার আশ্বাস দেন। অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল পরিষদের সভাপতি হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামানও বক্তব্য দেন।