যুদ্ধাপরাধীদের রক্ষা করাই খালেদা জিয়ার লক্ষ্য
সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন অভিযোগ করেছেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এখন আর কোনো রাখঢাক নেই। তিনি এখন ঝাঁপি খুলেই মাঠে নেমেছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর শহীদ আসাদ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগরের এক সভায় রাশেদ খান মেনন এ কথা বলেন। দলের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।ওয়ার্কার্স পার্টির সভাপতি আরও অভিযোগ করেন, ২৬ ডিসেম্বরের পথসভায় খালেদা জিয়া জামায়াত-শিবিরকে সঙ্গে নিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অচল করে দেওয়ার হুংকার দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নয়, যুদ্ধাপরাধী গোলাম আযম-নিজামী-মুজাহিদদের রক্ষা করাই তাঁর আন্দোলনের লক্ষ্য। যুদ্ধাপরাধের বিচার সফল করতে জনগণ প্রয়োজনে তাঁকেই ঘেরাও করবে। ৩১ ডিসেম্বর সাত দলের বিক্ষোভ ও সমাবেশের প্রস্তুতির জন্য অনুষ্ঠিত সভায় রাশেদ খান মেনন একই সঙ্গে বিদ্যুত্ ও জ্বালানির দাম না বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ঐক্যে ফাটল সৃষ্টি হয়, এমন কোনো পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। বিএনপি জনগণের এ ধরনের অসন্তোষকে তাদের হীন উদ্দেশ্য পূরণের জন্য কাজে লাগাবে। একই সঙ্গে তিনি বিশ্বজিত্ হত্যায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।