যুদ্ধাপরাধীদের রক্ষায় অপশক্তিগুলো সক্রিয়: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু করায় দেশকে অস্থিতিশীল করার জন্য সব অপশক্তি তৎপর হয়ে উঠেছে। এ অপশক্তিকে রুখতে তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন । স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আজ শুক্রবার সকালে চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে সভায় এ নির্দেশ দেন।প্রতিমন্ত্রী বলেন,‘যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য অপশক্তিরা বিভিন্নভাবে কিছু মসজিদ-মাদ্রাসাকে ব্যবহারের চেষ্টা করছে। দেশকে নানাভাবে অস্থিতিশীল করতে চাচ্ছে। কী গার্মেন্টস, কী রাজনীতির মাঠ।’স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য কোনো কর্মসূচি গ্রহণ করা যাবে না। জনগণের শান্তিপূর্ণ জীবনযাপন বাধাগ্রস্ত করা যাবে না। প্রয়োজনে তারা আদালতে যেতে পারে। আইনি লড়াই করতে পারে। কিন্তু মাঠ-ময়দান, মসজিদ-মাদ্রাসা ব্যবহার করা যাবে না। প্রতিমন্ত্রী সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামার নির্দেশ দিয়ে বলেন, এ তিনটিকে প্রতিহত করা গেলে মানুষের জানমালের নিরাপত্তা বিধান করা সম্ভব হবে। গণতন্ত্র সুসংহত হবে।নগরের সার্কিট হাউসে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকের হোছাইন, চট্টগ্রামের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আসাদুজ্জামান মিয়া, পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল কাশেম, র্যাব-৭-এর কমান্ডিং অফিসার লে. কর্নেল সাজ্জাদ হোসাইন প্রমুখ বক্তব্য দেন।