যুদ্ধাপরাধীদের রক্ষার তত্পরতা থেকে বিরত থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের রক্ষার অপতত্পরতা থেকে বিরত থাকার জন্য বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘তাদের বিচার এ দেশের মাটিতেই হবে।’ আজ বুধবার বিকেলে গোপালগঞ্জের কোটালিপাড়ায় শেখ লুত্ফর রহমান কলেজ মাঠে এক জনসমাবেশে বিরোধীদলীয় নেতাকে উদ্দেশে করে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আপনি যত তত্পরতা চালান না কেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটনকারীদের রক্ষা করতে পারবেন না।’ খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের রক্ষা করতে ব্যর্থ হয়ে এখন যুদ্ধাপরাধীদের রক্ষা করতে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছেন। তবে আবারও তিনি ব্যর্থ হবেন।’সরকারবিরোধী আন্দোলনের হুমকি সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘এ দেশের শান্তিপ্রিয় মানুষ এটা মেনে নেবে না। কারণ, তারা বিএনপি সরকারের আমলের অত্যাচার, নির্যাতন, লুটপাট ও হত্যার কথা ভুলে যাননি।’সংবিধানের পঞ্চদশ সংশোধনী সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, সর্বোচ্চ আদালতের রায় এবং ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রতি বিপুল জনসমর্থন জনগণের অধিকারের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা পুনরুদ্ধারে সহায়তা করেছে। তিনি বলেন, সামরিক এক নায়ক জিয়াউর রহমান ১৯৭৫ সালে অবৈধভাবে ক্ষমতা দখল এবং বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার পর সংবিধান ধ্বংস করেছে।উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ জয়ধরের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান প্রমুখ।