যুদ্ধাপরাধীদের রক্ষায় অরাজকতা সৃষ্টি সমান অপরাধ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের রক্ষার আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরাও সমান অপরাধী। যুদ্ধাপরাধীদের রক্ষার আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার তাঁর কার্যালয়ে রংপুর সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে এসব কথা বলেন। তিনি যুদ্ধাপরাধীদের মদদদাতাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। খবর বাসস ও ইউএনবির।প্রধানমন্ত্রী বলেন, ‘যুদ্ধাপরাধীরা ১৯৭১ সালে গণহত্যা চালিয়েছে এবং আমাদের মা-বোনদের দখলদার বাহিনীর হাতে তুলে দিয়েছে। কিন্তু এখন কিছু মানুষ তাদের পাশে দাঁড়িয়েছে।’শেখ হাসিনা মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর বিচার সম্পর্কে বলেন, ‘আমরা এক মামলার রায় পেয়েছি এবং অন্য মামলাগুলোর রায়ও পাব। ইনশা আল্লাহ, সব রায়ই তার নিজস্ব গতিতে কার্যকর হবে।’এলজিআরডি ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নবনির্বাচিত মেয়র শরফুদ্দিন আহমেদ ও ৪৪ জন কাউন্সিলরের শপথ পরিচালনা করেন। মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী পুলিশের ওপর হামলাকারী, জীবন্ত মানুষ পোড়ানো ও সম্পদ ধ্বংসের জন্য দায়ী অশুভ শক্তিকে মোকাবিলা করতে স্বাধীনতার সপক্ষের শক্তির প্রতি আহ্বান জানান।প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্ম নিয়ে জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ছাত্রশিবির গঠিত হয়েছে। মুক্তিযুদ্ধকালে এ দেশে চালানো ধ্বংসযজ্ঞ সম্পর্কে তারা জানে না। এ জন্য তিনি তাদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানান।প্রধানমন্ত্রী জামায়াত-শিবিরের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, অন্যথায় কঠোর পরিণতি ভোগ করতে হবে।আওয়ামী লীগ-সমর্থিত শরফুদ্দিন আহমেদ গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রথম মেয়র নির্বাচিত হন। নির্বাচনে সাধারণ আসনে ৩৩ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১১ জন কাউন্সিলর নির্বাচত হন।প্রধানমন্ত্রী নবনির্বাচিত মেয়রকে করপোরেশনের উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে একটি পরিকল্পিত নগর গড়ে তুলতে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।