যুদ্ধাপরাধীদের রক্ষায় ১৮ দল জামায়াতকে লেলিয়ে দিচ্ছে
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু অভিযোগ করেছেন, যুদ্ধাপরাধীদের রক্ষা ও উন্নয়ন ব্যাহত করতে ১৮ দলীয় জোট জামায়াতকে লেলিয়ে দিচ্ছে। উন্নয়ন অব্যাহত রাখতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে রুখতে হবে বলেও তিনি মন্তব্য করেন।আজ শুক্রবার দুপুরে পাবনার বেড়া উপজেলার নগরবাড়ীতে নতুন মেরিন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, আন্তর্জাতিক জাহাজ চলাচলে জনশক্তি নিয়োগের বিপুল ও দীর্ঘস্থায়ী চাহিদা তৈরি হয়েছে। এ বিবেচনায় পাবনাসহ দেশে চারটি নতুন মেরিন একাডেমি তৈরির কাজ শুরু করা হয়েছে।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের অভিযোগ, বিএনপি-জামায়াত জোট সরকার দেশে ১০ ট্রাক অস্ত্র আমদানি করেছে। বাংলা ভাই সৃষ্টি করে বোমাবাজি ও হত্যাযজ্ঞ চালিয়েছে। তিনি বলেন, তাদের এখনো রক্তের নেশা চেপে আছে। এদের আটকাতে হলে যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুর ইসলাম। বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন জানান, ২০১৪ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হলে প্রথম পর্যায়ে ৫০ জন ক্যাডেট ভর্তি হতে পারবেন।