যুদ্ধাপরাধীদের শাস্তি জাতীয় দাবি: মিজানুর
স্বাধীনতার পূর্ব লগ্নে যারা বুদ্ধিজীবীদের হত্যা করে এ জাতিকে ধ্বংস করতে চেয়েছে, যারা স্বাধীনতাযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের শাস্তি দিয়ে এ রাষ্ট্রকে দায়মুক্ত করতে হবে। এটি আমাদের জাতীয় দাবি।আজ রোববার জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে এক আলোচনা সভায় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান এসব কথা বলেছেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে এশিয়া হিউম্যান রাইটস অ্যান্ড জার্নালিস্ট ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, দেশে মানবাধিকার সমুন্নত রাখতে হলে গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যাতে কোনো অগণতান্ত্রিক সরকার ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি ফজলুল করিম, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আবদুল মান্নান চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি লুত্ফুর আহসান।