গতকাল দেশবাসী স্বাধীনতার ৪১তম বার্ষিকী উদ্যাপন করেছে। যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত শেষ করে তাদের শাস্তি দেওয়ার দাবি উঠেছে এবার। পরাধীনতার নিগড় ছিন্ন করে জাতিকে মুক্ত করে তোলার সংগ্রামে যে বীর সন্তানেরা আত্মদান করেছিলেন, জাতি গভীর কৃতজ্ঞতার সঙ্গে বেদনাহত চিত্তে তাঁদের স্মরণ করেছে। বাঙালি তার ইতিহাসের এই গৌরবোজ্জ্বল দিনটিতে স্মরণ করেছে স্বাধীনতাসংগ্রামে নেতৃত্বদানকারী অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব জাতীয় নেতাকে।রাজধানীতে সূর্যোদয়ের পরই সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতাসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে এসে স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গ করা বীর সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নিজ নিজ কর্মসূচি পালন করে। এসবের মধ্যে ছিল আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল, বিশেষ প্রার্থনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ছিল শিশু-কিশোরদের বিশেষ কুচকাওয়াজ। সশস্ত্র বাহিনীর চৌকস ব্যান্ডদল শহরের বিভিন্ন মোড়ে দেশাত্মবোধক ও উদ্দীপনামূলক সংগীতের সুরে বাদন পরিবেশন করে। গুরুত্বপূর্ণ ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকায় সুশোভিত করা হয় সড়কদ্বীপগুলো।গতকাল ছিল সরকারি ছুটি। শহরজুড়েই ছিল উৎসবের আবহ। পথের মোড়ে মোড়ে বেজেছে বঙ্গবন্ধুর ৭ মার্চের সেই ঐতিহাসিক ভাষণ, যাতে তিনি বজ্রনির্ঘোষ কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। বসন্তের উতল হাওয়া অনুরণিত হয়ে সেই ঘোষণা ছড়িয়ে পড়েছে দিকে দিকে। অনুপ্রেরণা জাগিয়েছে অন্যায়, দুর্নীতি, দারিদ্র্য থেকে মুক্তির সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে।শহরজুড়েই অনুষ্ঠান ছিল প্রচুর। ছুটির দিনে সকাল থেকেই নগরবাসীর অনেকেই সপরিবারে অনুষ্ঠানে যোগ দিতে ঘর থেকে বেরিয়ে পড়ে। বরাবরের মতোই প্রধান গন্তব্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা, সোহরাওয়ার্দী উদ্যান, শহীদ মিনার এলাকা। এ ছাড়া রবীন্দ্রসরোবর মঞ্চকে কেন্দ্র করে ধানমন্ডির লেকের পাড়ে, সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যানেও ছিল ব্যাপক জনসমাগম। স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল শিল্পকলা একাডেমী, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলা একাডেমীতে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসবের কর্মসূচি ছিল শহীদ মিনার ও রবীন্দ্রসরোবর মঞ্চে। ট্রাকে করে বিভিন্ন সংগঠন ভ্রাম্যমাণ অনুষ্ঠানও করেছে। পাড়া-মহল্লায় আলোচনা সভার পাশাপাশি ভোজেরও আয়োজন ছিল।বিকেলে অনুষ্ঠানকেন্দ্রগুলোতে লোকসমাগম হয়েছিল বিপুল। আনন্দঘন হয়ে উঠেছিল পরিবেশ। বেশ খানিকটা রাত পর্যন্ত অনুষ্ঠান উপভোগ করে ঘরে ফিরেছে নগরবাসী।জাতীয় স্মৃতিসৌধভোরে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরু হয়। তিন বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুণ সুর বাজিয়ে শহীদদের উদ্দেশে শ্রদ্ধা জানানো হয়। মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, সাংসদেরা এ সময় উপস্থিত ছিলেন। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকার।সকাল পৌনে সাতটার দিকে শ্রদ্ধা জানান বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সাদেক হোসেন খোকাসহ কেন্দ্রীয় নেতারা। স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফেরার পথে পৌনে আটটার দিকে জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তিনি।ভোরের আলো ফোটার আগেই স্মৃতিসৌধ এলাকায় ভিড় জমাতে শুরু করে অসংখ্য মানুষ। সকালে মূল ফটক খুলে দেওয়া হলে স্মৃতিসৌধ চত্বর মানুষে ভরে যায়। হাতে লাল-সবুজের পতাকা, গালে পতাকা আঁকিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে শ্রদ্ধা জানাতে আসে শিশুরাও। কারও কারও হাতে ছিল প্ল্যাকার্ড। এতে লেখা ‘অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করতে হবে’। অসংখ্য সংগঠনের শ্রদ্ধায় ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের মূল বেদি। মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো। জাতীয় পার্টির পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।দুপুর পর্যন্ত খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিসৌধে শ্রদ্ধা জানায়। বড় রাজনৈতিক দলগুলো ছাড়াও সেক্টর কমান্ডারস ফোরাম, ছাত্রলীগ, কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল), আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ছাত্র ইউনিয়ন, যুব মৈত্রী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), জালালী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর বিভিন্ন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও এর বিভিন্ন হল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, জাতীয় পার্টি (জেপি), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ মহিলা পরিষদ, বার কাউন্সিল, সিআরপি, গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ, বিনিয়োগ বোর্ড, জাতীয় শ্রমিক লীগ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, রেড ক্রিসেন্ট সোসাইটি প্রভৃতি সংগঠন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।