যুদ্ধাপরাধীদের সমর্থনকারীরাও সমান অপরাধী
যারা যুদ্ধাপরাধীদের সমর্থন করে, তারাও সমানভাবে যুদ্ধাপরাধীদের মতো অপরাধী বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সঞ্চালন পরিষদ আয়োজিত মহান বিজয় মাসের বিজয় শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। বিজয় শোভাযাত্রাটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে শিখা চিরন্তনীতে গিয়ে শেষ হয়।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি ও জামায়াত একত্র হয়ে যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিচার বাধাগ্রস্ত করার যত চেষ্টাই হোক না কেন, তা বরদাশত করা হবে না। এই বিচার যারা বাধাগ্রস্ত করার চেষ্টা চালাচ্ছে তাদের দমন ও প্রতিহত করা হবে। যুদ্ধাপরাধীদের এই বাংলায় ঠাঁই নেই। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি এম তাজুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ আ স ম ফিরোজ, সাংসদ সাফিয়া খাতুন, প্রশিকার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কাজী ফারুক আহমেদ প্রমুখ বক্তব্য দেন।