যুদ্ধাপরাধীদের সহায়তাকারীরা দেশ ও জাতির শত্রু: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘যারা যুদ্ধাপরাধীদের সহায়তা করছে তাঁরা দেশ ও জাতির শত্রু। একটি মহল যুদ্ধাপরাধীদের পাশে দাঁড়াতে এবং তাদের বাঁচাতে জনগণের বিপক্ষে দাঁড়াচ্ছে। একাত্তরের গণহত্যাকারীদের পাশে যারা দাঁড়ায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বাংলাদেশের স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জনগণ আজ ঐক্যবদ্ধ।’আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাধীন তহবিলের চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘দেশ এগিয়ে যাওয়া কারও কারও পছন্দ হচ্ছে না। তাঁরা অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করছে। রাজনীতির নামে বিশৃঙ্খলা ও সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ দীপু মনি সম্প্রতি দেশে উদ্ভাবিত পাটের জন্ম রহস্য সম্পর্কে বলেন, ক্ষুদ্রহীন স্বার্থের কারণে বিগত সময়ে বিভিন্ন সরকার পাট শিল্পকে ধ্বংস করেছে। বর্তমান সরকার এ শিল্পকে উজ্জীবিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাটের সেই সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনা হবে।সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক প্রিয়তোষ সাহা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম, সদর ইউএনও শাহীনুর শাহীন খান।অনুষ্ঠানে চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে তিন লক্ষাধিক টাকার ৮৯টি চেক বিতরণ করা হয়।