সব হুমকি ও ভীতি উপেক্ষা করে ঢাকার অদূরে আশুলিয়ায় গণজাগরণ মঞ্চের আজ শুক্রবারের সমাবেশে মানুষের ঢল নামে। সমাবেশ থেকে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবিরমুক্ত বাংলাদেশ গড়ার পর ঘরে ফেরার ঘোষণা দেওয়া হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী আজ বেলা তিনটার পর আশুলিয়ায় জামগড়া এলাকায় ফ্যান্টাসি কিংডম পার্কের সামনে গণজাগরণ মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হয়।জুমার নামাজের পর থেকেই বিভিন্ন শ্রেণী-পেশা ও বয়সের হাজার হাজার মানুষ মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। স্লোগানে স্লোগানে যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ অন্যান্য দাবির কথা জানিয়ে দেন প্রতিবাদী জনতা।শুরুতেই পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।মুক্তিযুদ্ধকালে আশুলিয়া এলাকার শহীদ এবং তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত জনতা।সমাবেশে উপস্থিত ছিলেন ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের আহ্বায়ক ইমরান এইচ সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন, সাভারের সাংসদ ও আওয়ামী লীগ নেতা তৌহিদ জং মুরাদ, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামানসহ বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় নেতারা।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আশুলিয়ার সমাবেশকে সফল করার জন্য ওই এলাকার সর্বস্তরের মানুষকে অভিনন্দন জানান ইমরান এইচ সরকার। তিনি বলেন, মানুষের অংশগ্রহণে সমাবেশ পরিণত হয়েছে মহাসমাবেশে। আজকের কর্মসূচিতে সর্বস্তরের মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করেছেন, বাংলাদেশে যুদ্ধাপরাধী ও জামায়াত-শিবিরের স্থান নেই।একাত্তরের মুক্তিযুদ্ধে শ্রমজীবী মানুষের ভূমিকার কথা স্মরণ করে ইমরান বলেন, আজও শ্রমজীবী মানুষ দিন-রাত শ্রম দিয়ে আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখছে। গার্মেন্টস কারখানাসহ সব শ্রমজীবীর নিরাপত্তার দাবি জানান ইমরান।গার্মেন্টস কারখানার নারী শ্রমিকদের ভূমিকারও প্রশংসা করেন ইমরান। তিনি বলেন, এই শিল্পের শ্রমিকদের ৯০ ভাগই নারী। একাত্তরে আমাদের মা-বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন। আজও একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে ত্যাগ স্বীকার করছেন নারীরা।ইমরান বলেন, ‘এ দেশের নারীরা যখনই রাজপথে নামতে শুরু করেছেন। তখনই জামায়াত-শিবির প্রতিকূল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছে, যাতে নারীরা কাজ করে দেশকে সামনে এগিয়ে নিতে না পারেন। বাংলাদেশকে সমানের দিকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষ ভেদাভেদ ভুলে সব পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধ করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারি। তাই যুদ্ধাপরাধী ও একাত্তরের নারী ধর্ষণকারীদের বিচার আজ সবার কণ্ঠে একটি সম্মিলিত দাবি।’ইমরান বলেন, ‘সারা দেশের মানুষের আজ একটা শপথ, সব শ্রেণী-পেশার মানুষের রক্তে কেনা বাংলাদেশের একটাই শপথ—যুদ্ধাপরাধীদের বিচার ও জামায়াত-শিবির নিষিদ্ধ করে আমরা ঘরে ফিরব।’ এ সময় উপস্থিত জনতা স্লোগান তুলে ইমরানের বক্তব্য সমর্থন করেন। সন্ধ্যা ছয়টার দিকে সমাবেশ শেষ হয়।