যুদ্ধাপরাধীর দ্রুত বিচারের দাবি সংস্কৃতিকর্মীদের
যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত শেষ করা ও রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা। আজ বৃহস্পতিবার শাহবাগ জাদুঘরের সামনে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাতি ঐক্যবদ্ধ রয়েছে। বাচ্চু রাজাকারের ফাঁসি দ্রুত সময়ে কার্যকর করার পাশাপাশি অন্য যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন করতে হবে।সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘দেশ স্বাধীনের পর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছিল, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে তার অবসান ঘটে। এই সরকার আবার তা শুরু করেছে। এটি আমাদের জন্য আনন্দ ও গৌরবের ব্যাপার যে, জীবদ্দশায় যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে পারছি। ২২ জানুয়ারি রায়ের মাধ্যমে আগামীতে যারা এ ধরনের কাজ করবে, তাদের বিচারপ্রক্রিয়া সহজ হবে।’জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ে আমরা আনন্দ ও মুক্ত বোধ করছি। এই রায়ের মাধ্যমে জনগণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হয়েছে। কিন্তু এ বিচারকে বিতর্কিত করতে অনেকে ষড়যন্ত্র করছে। বিরোধীদলীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এটিকে দলীয় এজেন্ডা বাস্তবায়ন বলে অভিহিত করেছেন।’সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউটের সভাপতি রামেন্দু মজুমদার বলেন, ‘সারা দেশের মানুষ এ রায়ের প্রতি সমর্থন জানিয়েছে। আমরা আশা করি সরকার দ্রুত বাচ্চু রাজাকারকে গ্রেপ্তার করে এ রায় কার্যকর করবে।’জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মানববন্ধন সঞ্চালনা করেন। বিটিভির মহাপরিচালক ম. হামিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মান্নান হীরা প্রমুখ মানববন্ধনে বক্তব্য দেন। পরে যুদ্ধাপরাধীদের ব্যঙ্গচিত্র প্রদর্শন করা হয়।