যুদ্ধাপরাধীর বিচার নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে জাসদ
যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জাসদের কার্যকরী সভাপতি সাংসদ মইন উদ্দিন খান বাদল ও সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া যুদ্ধাপরাধের বিচার নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের প্রতিবাদ জানান।বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধাপরাধ হলো মানবতার বিরুদ্ধে অপরাধ। মানবতাবিরোধী অপরাধসহ যেকোনো অপরাধের বিচার হলে জাতি বিভক্ত হয় না, বরং অপরাধীদের বিচার না হলে অপরাধীরা কাঁটার মতো জাতীয় ঐক্যের মধ্যখানে বিঁধে থাকে।জাতীয় ঐক্য, ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই যুদ্ধাপরাধীদের বিচার অপরিহার্য উল্লেখ করে ওই দুই নেতা বলেন, খালেদা জিয়া এত দিন আড়ালে আবডালে যুদ্ধাপরাধের বিচারের বিরুদ্ধে থাকলেও অবশেষে যুদ্ধাপরাধীদের রক্ষা করার জন্য মাঠে নেমেছেন। তাঁরা আরও বলেন, ষড়যন্ত্র-চক্রান্ত করে কোনোভাবেই যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করা যাবে না। —বাসস