যুদ্ধাপরাধীর বিচার নিয়েও ষড়যন্ত্র হচ্ছে: এ কে খন্দকার
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ-৭১ আগামী শনিবার স্বাধীনতার ৪০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় কনভেনশনের আয়োজন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম মাঠে এ কনভেনশন হবে। কনভেনশনে সারা দেশ থেকে আগত প্রতিনিধিরা ছাড়াও মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রাখা কয়েকজন বিদেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুতগতিতে চলুক, এটা দেশবাসীই চাইছে। শুরুতে এ কাজটি ধীরগতিতে চললেও এখন এ কাজটিতে বেশ গতি পেয়েছে।এক প্রশ্নের জবাবে এ কে খন্দকার বলেন, ‘গোলাম আযম শীর্ষস্থানীয় যুদ্ধাপরাধী। আশা করি, দ্রুতই সরকার তাঁর বিচার করবে।’ তিনি জানান, সেক্টর কমান্ডারস ফোরাম ৫০ জন যুদ্ধাপরাধীর তালিকা করে প্রমাণপত্রসহ আদালতের কাছে জমা দিয়েছে। তিনি বলেন, এ বিচার নিয়েও নানা ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীরাও দুর্বল নয়। কারণ তাদের অনেক অর্থ রয়েছে। তিনি বলেন, তবে এটা ঠিক কোনো ষড়যন্ত্রই এ বিচার ঠেকাতে পারবে না। কারণ দেশের সব মানুষ এ বিচার চায়।সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতি ও পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, সাধারণ সম্পাদক হারুন-অর রশীদ, আবু ওসমান চৌধুরী, হারুন হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন। এ কনভেনশনে স্লোগান হলো ‘দাবি বিশ্ব মানবতার, যুদ্ধাপরাধীর হোক বিচার’। এর বাইরে ১৪ ডিসেম্বর সেক্টর কমান্ডারস ফোরাম মানববন্ধন এবং ১৬ ডিসেম্বর শিখা চিরন্তনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে।